আন্তর্জাতিক

পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ নেই, তবু ভারত হামলা চালিয়েছে: পাকিস্তানের তথ্যমন্ত্রী

ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং পালটা জবাব দিতে থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তারার বলেন, পাকিস্তানের বেসামরিক এলাকায় ভারত যেভাবে হামলা চালিয়েছে, তা অকারণ ও অগ্রহণযোগ্য। ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত করার চেষ্টা করছে। অথচ পহেলগাঁওয়ের ঘটনা নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ঘটেছে।

এই বিভাগের আরও সংবাদ

তিনি আরও জানান, ঘটনাটি ঘটে যাওয়ার ১০ মিনিটের মধ্যে এফআইআর করা হয় এবং দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারার বলেন, পুলিশ যখন পৌঁছায়, তখন ভুক্তভোগীরা রক্তাক্ত অবস্থায় ছিলেন।

তিনি দাবি করেন, ভারতের হাতে পাকিস্তানকে জড়ানোর মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

তিনি বলেন, ভারতের কাছে যদি প্রমাণ থাকতো, তাহলে তারা তদন্তে সহযোগিতা করতো। বরং আমরা যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছিলাম এবং যুক্তরাজ্যকেও এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী তদন্তে আগ্রহ দেখিয়েছিলেন। তাহলে ভারত পিছু হটলো কেন?

তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার মুসলমান ও শিখদের বিরুদ্ধে। তারা পাকিস্তানে হামলার অজুহাত খুঁজছিল। কোনো প্রমাণ ছাড়াই তারা বেসামরিক, এমনকি নারী ও শিশুদের ওপর হামলা চালিয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের জনগণের মনোবল দৃঢ়। ভারতীয় আগ্রাসনের জবাব আমরা দিচ্ছি এবং তা চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ