রাজশাহী

পুঠিয়ায় পুরাতন পৌরভবনে আগুন টিসিবি পণ্য পুড়ে ছাই

ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌরসভার পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার মতো টিসিবির পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পুঠিয়া ফায়ার সার্ভিস অফিস জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিমন্ত্রণে আনি। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল চাউল ছিল। তবে সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে পুঠিয়া থানার সামনে পুরাতন পৌরসভা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ফায়ার সার্ভিস বলেছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগুিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুঠিয়া পৌরসভার পুরাতন ভবনে টিসিবির পণ্য গুলো রাখা ছিলো। সেখানে অফিসিয়াল কোন কাজকর্ম চলে না। গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের লোকের ধারণা লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বেশির ভাগই বৃহস্পতিবার ও বুধবার বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।

এই বিভাগের আরও সংবাদ