রাস্তায় ডিউটিরত ট্রাফিক পুলিশের সাথে ইফতার করলেন কেএমপি’র পুলিশ কমিশনার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে গণমুখী পুলিশিং সেবা দেওয়ার প্রত্যয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে খুলনা মহানগরীর প্রতিটা সড়কে ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি বেশিরভাগ মার্কেট এবং বিপণী বিতানগুলোতে পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় যানজটের আশংকা বৃদ্ধি পেয়েছে। সে প্রেক্ষিতে অতিরিক্ত যানজট নিরসনে কেএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার দৃঢ়তা নিয়ে কাজ করে যাচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
২৫ মার্চ মঙ্গলবার পবিত্র মাহে রমজানের ২৪তম রোজার বিকালে কর্মব্যস্ত মানুষ যখন ছুটে চলেছে আপন গন্তব্যে, তখন নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যস্ত ট্রাফিক পুলিশ সদস্যরা। যাতে ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে ঘরে পৌঁছে আপনজনের সাথে ইফতারে অংশ নিতে পারেন। এসময় নগরীর ব্যস্ততম শিববাড়ি মোড়ে সড়কের শৃঙ্খলা পরিদর্শনে হাজির হন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। সেখানে তিনি কথা বলেন কর্তব্যরত পুলিশের সাথে।
ইফতারের সময় ঘনিয়ে আসে। মাগরিবের আযানের অপেক্ষায় জড়ো হয় ছিন্নমূল মানুষ, পথচারী, অটোচালক। ট্রাফিক পুলিশের ইফতার সামগ্রী ভাগাভাগি করেন সবার মাঝে। সবার সাথে ইফতার করেন পুলিশ কমিশনার।





