Uncategorized

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

ইংলিশ ফুটবলে নিজেকে প্রমাণ করে প্রায় ১১ বছর পর লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে ফিরেছেন হামজা চৌধুরী।

সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত এ ব্রিটিশ ফুটবলার।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে, রোববার (১৬ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইটে রওনা হন হামজা।

জানা গেছে, ফুটবলার হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য রয়েছেন। তারা ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেবেন। তাদের সঙ্গে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও। বরণ পর্ব শেষে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা।

পরে সেখানে নিজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। তার আগমনের খবরে ইতোমধ্যে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

এদিকে হামজাকে স্বচক্ষে এক নজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে তার সমর্থকরা ভিড় জমিয়েছেন। রয়েছেন গণমাধ্যমকর্মীরাও।

প্রসঙ্গত, হামজা এর আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা বিশেষ। কারণ, প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি। স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।

আগামীকাল ঢাকায় আসতে পারেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের।

এই বিভাগের আরও সংবাদ