Uncategorized

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ৩

সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনার দাকোপে অভিযান চালিয়ে ২টি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্রসহ ৩ জন দূর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ রবিবার(০২ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের আরও সংবাদ

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোর ৫ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে খুলনার দাকোপ থানাধীন কালিনগর বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালীন ঐ এলাকা থেকে দূর্ধর্ষ সন্ত্রাসী মোঃ ইয়াসিন মোল্লা (৪০), মোঃ সোহরাব সানা (৬০) এবং মোঃ সিরাজুল সানা (৩০) কে আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ এর একটি পুরাতন ভবন তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় ২টি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসীরা উক্ত অস্ত্র সমূহ ব্যবহার করে অত্র এলাকায় মাছের ঘের দখল করতো বলে জানা যায়। এছাড়াও তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। আসামীরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

জব্দকৃত পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ