খুলনার রুপসায় প্রজন্মদল নেতা গুলিবিদ্ধ


খুলনা ব্যুরো : খুলনা রুপসায় সন্ত্রাসীর গুলিতে জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতা ইকরাম হাওলাদার আহত হয়েছেন। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার ১ নং আইচগাতি ইউনিয়নের ঠান্ডার বাগান এলাকায় উক্ত ঘটনা ঘটে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলিবিদ্ধ ইকরাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইকরাম ঢাকায় একটি জুতার কোম্পানীতে কারিগর হিসেবে কাজ করেন। তিনি মঙ্গলবার (২২ জানুয়ারী) ঢাকা থেকে খুলনায় আসেন ; শুক্রবার সকালে তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় তিনি বাড়িতে অবস্থান করছিলেন। সাড়ে ৬ টার দিকে আনুমানিক ১৮/২০ জনের একটি সন্ত্রাসী দল বাড়িটি ঘিরে ফেলে। ঘরের দরজার কাছে গিয়ে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম পায়ে বিদ্ধ হয়। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।





