কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন


কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা ও মারধর করার অভিযোগে তারা সংবাদ সম্মেলন করেছে। তথ্য সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে মারধরের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।
এ ঘটনার পর গতকাল রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন আহত এক ছাত্রনেতা। পরে পুলিশ এজাহারভুক্ত আসামি আশরাফুল ইসলাম (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
হামলার ঘটনায় রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার নেতারা এক সংবাদ সম্মেলন করেন।
এসময় তারা অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তাদেরকে ধরতে পুলিশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন।
এদিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, মুখ্য সংগঠক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইয়াদ ইসলাম ও হুমাইরা কবির, সদস্য সুলতান মাহমুদ ও কে এম রাইয়ানুর রহমান।
এছাড়া মোস্তাফিজুর রহমান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তিনিসহ কয়েকজন নেতা শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে আয়োজিত একটি মেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শনের সময় কয়েকজন তরুণ তাঁকে ধাক্কা দেন। এ নিয়ে তর্কবিতর্ক হয়। এরপর ওই তরুনরা সংগঠিত হয়ে হামলা চালান। সে সময তাঁদের কাছে দেশি অস্ত্র ছিল বলে জানান। হামলায় তিনিসহ যুগ্ম আহ্বায়ক সাইয়াদ ইসলাম ও হুমাইরা কবির আহত হন। ঘটনাটি পুলিশকে জানানো হয়।মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, হামলাকারীর পরিবারের সদস্যরাও হত্যার হুমকি দিয়েছেন। কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে। হামলার ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত বলে জানতে পেরেছেন।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। কিন্তু একটি পক্ষ এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি দিয়ে চরিত্র হরণের চেষ্টা চালাচ্ছে। যা একদমই সত্য নয়।
লিখিত বক্তব্যে পারভেজ মোশাররফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সন্ত্রাসী ছাত্রলীগ ও আরডিএক্স বয়েজ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা পরিকল্পিতভাবে অতর্কিত হামলা হয়েছে। এ হামলার নেতৃত্ব দিয়েছেন আমির হামজা ও স্যাম সাদিক নামের দুই ব্যক্তি। তাঁদের সঙ্গে আরও অন্তত ২৫ জন জড়িত ছিলেন। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একটি মহল এ ঘটনার মোড় অন্যদিকে নিয়ে দোষীদের নিরপরাধ প্রমাণের চেষ্টা করছে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত ব্যক্তিদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ জন্য তাঁদের কোনো ভাষ্য পাওয়া যায়নি।
এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শিহাবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলার অভিযোগে শনিবার রাতেই থানায় মামলা হয়েছে। আহত সাইয়াদ ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ্য করে মামলা করেছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০–৩০ জনকে।



