মাগুরা

মাগুরার মহম্মদপুরে ক্ষতিকর ছাই ফ্যাক্টরি

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রুইজানি গ্রামে আট বছর আগে ছাই ফ্যাক্টরি করেছে একটি মহল। ফ্যাক্টরিতে পাঠকাঠি পুড়িয়ে করা হচ্ছে ছাই। যা পাঠানো হচ্ছে বিভিন্ন প্রান্তে। ছাইয়ের কালো ধোঁয়ায় এলাকার মানুষের স্বাস্থ্যগত হাঁচি কাশি সহ নানা রকম সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও পরিবেশের ভারসাম্যের বিভিন্ন সমস্যা ও ফসলি জমির ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মধুমতি নদীর কাছাকাছি রুইজানি গ্রামে ফসলি জমির পাশে অনেক জায়গা জুড়ে করা হয়েছে এই ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি কারা করেছে এবং কি নামে করা হয়েছে সেই তথ্য নেই মহম্মদপুরের ইউএনও’র কাছে এমনকি কম্পানি বা ফ্যাক্টরির নামের কোনো সাইনবোর্ডও দেখা যায়নি ফ্যাক্টরির আশেপাশে। নসিমন, ছোট পিকাপে করে আনা হচ্ছে পাটকঠি এবং ভিতরে সেগুলো পোড়ানোর জন্য পাটকাঠির বড় বড় স্তুপ করে রাখা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

ফ্যাক্টরির বাইরের প্রাচীর গেইটে তালা ঝুলিয়ে ভিতরে কাজ করছে শ্রমিকরা। খোঁজ নিয়ে জানা যায় এসব শ্রমিকেরা জেলার বাইরে থেকে এসে এখানে কাজ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন শ্রমিক এসে জানান, বহিরাগতদের ভিতরে যাবার অনুমতি নেই, এটা ফ্যাক্টরির মালিক ও কর্তৃপক্ষের নির্দেশ। এজন্য গেইটে তালা লাগিয়ে রাখা হয়। এলাকার আশেপাশে ও বিভিন্ন জেলা থেকে পাঠকাঠি সরবরাহ করে কারখানায় এনে তা পোড়ানো হয়। সেগুলো ছাই করে কোথায় পাঠানো হয় তা তারা জানেন না। তবে জেলার বাইরের লোকজন এসে এই ফ্যাক্টরি গড়ে তুলেছে এবং ব্যবসা করছেন বলে জানায় শ্রমিকরা। এসব বিষয়ে আরও তথ্যের জন্য ফ্যাক্টরির কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা করা সম্ভব হয়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, এলাকার বাইরে থেকে শ্রমিক এনে এই কারখানায় কাজ করানো হয়। রুইজানি গ্রামে ৭/৮ বছর আগে গড়ে উঠেছে এই ছাই ফ্যাক্টরি। এখান থেকে ছাই বস্তাভর্তি করে পাঠানো হচ্ছে অন্য এলাকায়। ছাইয়ের কারণে এলাকার মানুষ হাঁচি ও কাঁশিতে ভুগছে। শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না ধোঁয়ার কারনে। শিশুদের চোঁখ জ্বালাপোড়া করে যখন ছাই উড়ে আসে। ছাই এর ধোঁয়ায় তারা অতিষ্ঠ হয়ে পড়ছেন। এছাড়াও ছাই ফ্যাক্টরির কারণে ফসলি জমিতে ফসল উৎপাদন ব্যহত হচ্ছে, ধান গাছের আগা পুড়ে যাচ্ছে। তাই এই ধরনের ফ্যাক্টরি দ্রুত অপসার‌নের দাবি জানান এলাকাবাসী।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার মন্ডল জানান, ছাই তৈরির মত কোনো ফ্যাক্টরি মহম্মদপুরে আছে এটা তিনি জানতেন না। প্রতিবেদকের মাধ্যমেই তিনি এই প্রথম শুনেছেন। এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে দেখা হবে এটি কারা করছে এবং এটি কতটা পরিসরে তারা করছে। পরিবেশ ও স্বাস্থ্যগত কতটা ঝুঁকি রয়েছে। পরবর্তীতে যেসব ব্যবস্থা রয়েছে তা নেওয়া হবে। যদি পরিবেশগত ছাড়পত্রের প্রয়োজন হয় তবে তারা সেটি নিয়েছে কিনা তাও দেখা হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ