আইন ও আদালত

হাতকড়া পরিয়ে আমাদের অসম্মান করা হচ্ছে, আদালতকে শাজাহান খান

সাবেক মন্ত্রী শাজাহান খান আদালতকে বলেছেন, হাতকড়া পরিয়ে আদালতে এনে তাঁদের অসম্মান করা হচ্ছে। এসময় তিনি আদালতকে বিষয়টি দেখবার জন্যও আবেদন করেন।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানিতে এসব কথা বলেন শাজাহান খান।

এই বিভাগের আরও সংবাদ

এদিন সকালে সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ডিজিএফআইয়ের রেজাউল করিমকে পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শুনানির সময় আসামি শাহজাহান খান আদালতকে বলেন, হাতকড়া পরিয়ে আদালতে আনার মাধ্যমে তাদের অসম্মান করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা এখানে যারা আছি, তাঁরা কেউ মন্ত্রী, কেউ এমপি, আইজিপি ছিলাম। আমাদের মোস্ট ওয়ান্টেড আসামিদের মতো হাতকড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে। আমরা কী পালিয়ে যাব? আমাদের অসম্মান করা হচ্ছে। আপনি (বিচারক) বিষয়টি দেখবেন।’

তখন বিচারক বলেন, ‘বিষয়টি দেখব।’

আসামি পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) ওমর ফারুক ফারুকী বলেন, ‘আসামি শাহজাহান খান মৌখিকভাবে আবেদন করেছিল। আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি। আমরা বলেছি, তাদের (আওয়ামী লীগ) সময়ে আমাদের নেতা-কর্মীদের ডান্ডাবেরি পরিয়ে আনা হতো। এখন হাতকড়া ও হেলমেট শুধু তাদের নিরাপত্তার জন্য পরানো হয়।’

এই বিভাগের আরও সংবাদ