বুধবার শিল্প কারখানা চালু, বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা


দেশের সব শিল্প কারখানা আগামীকাল বুধবার থেকে চালু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বুধবার থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের যৌথ বিবৃতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দীর্ঘ আলোচনার পর একটা সমঝতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝতা স্মারকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সবাই স্বাক্ষর করেছে। সবাইকে এইটা মেনে চলতে হবে আজকে সবাইকে এই অঙ্গীকার করতে হবে। এই চুক্তি থেকে আমাদের পিছু হটার কোনো কারণ বা অবকাশ নেই। কোনো বাহানা করা যাবে না।
তিনি বলেন, আগামীকাল থেকে এই শিল্প কারখানা সচল দেখতে চাই। বিভিন্ন জায়গা থেকে নানা মাধ্যমে এই শিল্পটাকা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও হচ্ছে। এই শিল্প যদি বাইরে চলে যায়, তাহলে আমাদের কী হবে, সে বিষয়টা সবাইকে চিন্তা করতে হবে। পরিশেষে আমি একটাই কথা বলব আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবস্থাতেই আপনারা নিজেদের হাতে নেবেন না।
‘আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। এটার ব্যত্যয় ঘটলে আপনারাই এর জন্য দায়ী থাকবেন। কারণ আপনারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। সে সময় আপনারা পিছু পা হতে পারবেন না। এখানে যারা উপস্থিত আছেন সবাই যদি চেষ্টা করে তাহলে বিশৃঙ্খলা হবে না, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনো ভাবেই অবনতি হবে না, যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম আরও বলেন, শ্রমিক ভাই বোনদের কাছে আবেদন করছি, আপনারা শুধু স্বাক্ষর করলে চলবে না। মনের ভিতর থেকে আসতে হবে যে, এই শিল্পই আমাদের বাঁচাবে। এই শিল্পই আমাদের সব কিছু দিয়ে যাচ্ছে। শুধু আপনাদের নয়, জনগণকে অনেক কিছু দিয়ে যাচ্ছে। এ শিল্পের ওপর দেড় কোটি নয়, পুরো বাংলাদেশের মানুষ নির্ভরশীল। এজন্য আপনাদের নজর রাখতে হবে।
উপদেষ্টা আরও বলেন, আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আগামীকাল যেন এই শিল্পটা ভালোভাবে চালু হয় সেই চেষ্টা করবেন। আজকে এখানে আপনারা যে ওয়াদা করেছেন আশা করছি সেটা আপনারা রাখবেন। আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এরপরও যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে কিন্তু অন্যান্য ব্যবস্থা নিতে হবে। যেটা আমাদের কারও কাম্য নয়। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না হোক।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও শ্রম অধিদফতরের মহাপরিচালক প্রতিনিধি প্রমুখ। এছাড়া বিজিএমইএ, বিকেএমইএসহ মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।





