কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করা হয়েছে। ওই ইউপি’র ১১ জন সদস্য অনাস্থা প্রস্তাব আনায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে সরকার। রোববার (২২সেপ্টেম্বর ) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত পত্রে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে টিসিবি, ভিজিডি, ট্রেড লাইসেন্স, এডিপি প্রকল্প, টিআর, কাবিটা, নদী ভাঙনে অর্থ প্রদানে অনিয়মের অভিযোগ এনে একই ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য থেকে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়।

সরেজমিন তদন্তে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে ভিডব্লিউবির খাদ্যশস্য প্রদানে অনিয়ম ও ২৪০ কেজি চাল আত্মসাৎ, ২০২২-২৩ অর্থবছরের কাবিটা প্রকল্পের থেতরাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাটকরণ প্রকল্প গ্রহণ না করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এ অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ (৩) ধারা অনুযায়ী উলিপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলে তদন্তকারী কর্মকর্তা বিশেষ সভা আহ্বান করে গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট গ্রহণ করা হয় এবং অনাস্থা প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে।

প্রজ্ঞাপনে বলা হয়, থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশেষ সভায় অনাস্থা প্রস্তাবটি ১১ জন সদস্যের ভোটে গৃহীত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সমীচীন হবে না মর্মে বিবেচিত হওয়ায় কুড়িগ্রামের জেলা প্রশাসক থেকে পাঠানো অনাস্থা প্রস্তাবটি সরকার থেকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয়েছে। জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের পদটি শূন্য ঘোষণা করা হলো।

এ বিষয়ে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, প্রজ্ঞাপনের বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। এখনো কোন চিঠি পাইনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও সংবাদ