চট্টগ্রাম

ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনার নির্দেশ

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ নিয়ে যাঁরা মুক্তিযোদ্ধা হয়েছেন তাঁদের আইনের আওতায় আনা হবে। মন্ত্রণালয় এটি যাচাই করবে। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাঁদের শাস্তি পেতে হবে। চট্টগ্রাম সার্কিট হাউসে গতকাল শনিবার দুপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা এ কথা বলেন।

ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেন, ‘মুক্তিযোদ্ধা তালিকা প্রথমে আমরা যাচাই করে দেখছি যে বাস্তবে ঘটনাটা কী হয়েছে।…আমরা যাচাই-বাছাই করে যাদের সত্যিকার পাব তারা থাকবে এবং যাদের পাব না তাদের (ভুয়া মুক্তিযোদ্ধা) চলে যেতে হবে।’

এই বিভাগের আরও সংবাদ

উপদেষ্টা আরো বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের ব্যাপারটা কোটা সংস্কার আন্দোলনে জাতীয় ও আন্তর্জাতিকভাবেই বড় ধরনের ইস্যু হয়ে আসছে। এর বস্তুনিষ্ঠতা কী, তা মন্ত্রণালয়কে যাচাই করতে দিয়েছি এবং এ নিয়ে কাজ চলছে। কী সংখ্যক মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি কোটার মধ্যে হয়েছে এবং মুক্তিযোদ্ধারা কী অবস্থায় আছেন সংখ্যাগতভাবে এবং কারা মুক্তিযোদ্ধা হয়েছেন, এই সব কিছু আমরা জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব।’

তিন দিনের সফরে চট্টগ্রামে আসা ফারুক-ই-আজম গতকালই এর আগে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি নগরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোতোয়ালি থানায় যান এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। তিনি থানার পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ