রাজধানী

চার দাবিতে চিকিৎসকদের কঠোর কর্মসূচি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে সারা দেশে সব সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। চার দাবিতে সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ২৪ ঘণ্টার আল্টিমেটামে দাবি পূরণ না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করেন চিকিৎসকরা।

তারা বলেন, ‘আমরা কেউই সুরক্ষিত না। ১৮ ঘণ্টা পার হলেও কোনো মামলা হয়নি। প্রশাসনের ব্যর্থতা, রোগী হত্যার দায়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। ঢামেকসহ দেশের সব জেলা, উপজেলা এমনকি চেম্বারও বন্ধ থাকবে।’

এই বিভাগের আরও সংবাদ

দাবিগুলো হলো: নিরাপত্তা নিশ্চিত করা, সব হাসপাতালে নিরাপত্তা ২৪ ঘণ্টা থাকতে হবে, স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, যতক্ষণ না সুরক্ষা নিশ্চিত হবে ততক্ষণ এই কর্মসূচি চলবে। জরুরি বিভাগও বন্ধ থাকবে। ভর্তি রোগীদের চিকিৎসাও বন্ধ থাকবে।

ঘটনার সূত্রপাত সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহসানুল ইসলাম দিপ্তকে ঘিরে। সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ তোলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে তার। মারধর করা হয় দায়িত্বরত এক চিকিৎসককে। শনিবার (৩১ আগস্ট) বিকেলের এই ঘটনার পর ধারালো অস্ত্র নিয়ে মধ্যরাতে আবার হাসপাতালে ঢুকে পড়ে একটি পক্ষ। চালানো হয় ভাঙচুর। আবারও মারধর করা হয় চিকিৎসকদের।

এ ঘটনার বিচার দাবিতে রোববার সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগসহ সব ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। সঙ্গে নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন তারা। জড়ো হতে থাকেন হাসপাতালটির পরিচালকের কক্ষের সামনে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তাদের রুদ্ধদ্বার আলোচনা। তবে কোনো সুরাহা না হওয়ায় চিকিৎসকরা সারা দেশে সব সরকারি-বেসরকারি হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন। এরপরও তাদেরকে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখেন পরিচালক।

এদিন সকাল থেকেই হাসপাতালের জরুরি বিভাগে বাড়তে থাকে আগত রোগীদের ভিড়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক সেনাসদস্য ও পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ