মাগুরার বাহারবাগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: মাগুরায় একদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ৯টা থেকে সদর উপজেলার বাহারবাগ হাইস্কুল মাঠে সাত চিকিৎসকের ব্যবস্থাপত্রে শুরু হয় এই চিকিৎসা ক্যাম্প। এসময় এলাকার ছোট বড় সব বয়সী রোগী চিকিৎসা নিতে আসে।
বিডি এন্ড ইউএস স্যোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক একটি সংস্থা এই আয়োজন করে। সংস্থাটির চেয়ারম্যান আশিকুল ইসলাম মিলন জানায়, এলাকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে একদিনের জন্য এই আয়োজন করা। এখানে রোগীরা ফ্রিতে রোগের চিকিৎসাপত্র ও পরামর্শ পাচ্ছে। ভবিষ্যৎ এমন আয়োজনে ওষুধেরও ব্যবস্থা থাকতে পারে। আমেরিকা প্রবাসী মিলন নিজ গ্রামে এসে এই আয়োজন করেন। আগামীতে স্বাস্থ্য সুরক্ষায় এলাকাবাসীর জন্য আরও কিছু উদ্যোগ নেওয়া হবে। এলাকার যুব সমাজকে সাথে নিয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, ফ্রিতে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকরা। যা শহরে গিয়ে ভিজিট করে দেখাতে হতো। একদিনের এই আয়োজন বাড়িয়ে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় অন্তর করার কথা জানান তারা। এই প্রথম এমন আয়োজনে তিন শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র ও পরামর্শ দেয় চিকিৎসকরা।





