জামিন পেলেন এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী


এক এগারোর সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে করা অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিংসহ চার মামলায় জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এবং পৃথক আদালত থেকে তিনি জামিন পান।
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর পক্ষে শুনানি করেন আডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
মতিঝিল থানার একটি মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নামে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিয়ের অভিযোগে এ মামলা করে দুদক। পরের বছর ১৪ ফেব্রুয়ারি এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। চার্জশিট দাখিল হওয়ার পর হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করা হয়। ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটিতে অভিযোগ গঠন করেন আদালত।
এ মামলায় আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নামে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ইস্যু করে। নোটিশের পরিপ্রেক্ষিতে ওই বছর ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন তিনি। কিন্তু দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।
জামিন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশকে সুন্দর মতো গড়ার আবারও সুযোগ করে দিয়েছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মামলাগুলো আইনের মাধ্যমে আমি মোকাবিলা করতে চাই। আমি নির্দোষ হলে অবশ্যই আইনের মাধ্যমে খালাস পাব।’





