মাগুরায় পুলিশের অভিযানে ১৮০ কেজি গাঁজা উদ্ধার; আটক ২


মতিন রহমান, মাগুরা: মাগুরায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের অভিযান ১৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার মাগুরা-যশোর মহাসড়কের শিমুলিয়ার ঢালে এলাকায় একটি ট্রাক থামিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ টাকা।
পুলিশ জানায়, মাগুরা পুলিশ সুপারের নির্দেশে ও গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা-যশোর সড়কের মাগুরাগামী একটি ট্রাক থামিয়ে অভিযান চালানো হয়। ট্রাকের ভিতরে বিশেষ কায়দায় রাখা গাঁজা উদ্ধার করে ট্রাকটি জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট-১৪০৫০০।
এসময় ১৮০ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার দাম আনুমানিক প্রায় ৯০ লাখ টাকা।
আটককৃত ব্যাক্তিরা হলো ট্রাকের চালক রুহুল আমিন (৪১)। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার জালিয়াপাড়া গ্রামের রমজান আলীর পুত্র। এছাড়া ট্রাক চালকের সহকারী আবুল হাশেম (৪৩) একই থানার ইসলামপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, আটককৃত ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে।





