রাজশাহী

পুঠিয়ায় হাসুয়ার কোপে কলেজ ছাত্র নিহত

ব্যুরো রাজশাহীঃ পুঠিয়ার বেলপুকুরে হাসুয়ার আঘাতে মাহাফুজুর রহমান রতন (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত কলেজ ছাত্র রতন উপজেলার বেলপুকুর ইউনিয়নের জোতভাগিরতপুর গ্রামের মাসেম আলীর ছেলে ও বেলপুকুর আইডিয়াল ডিগ্রী কলেজের ছাত্র।

জানাগেছে, সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় রতন গরুর ঘাস কাটার জন্য জোতভগিরতপুর বিলে যায়। এসময় রতন পার্শবর্তী আগলা গ্রামের উত্তর পাড়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে তারিকুলকে ফোন দেয়। ফোন পেয়ে তারিকুল উক্ত বিলে গিয়ে রতনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তাদের বাকবিতন্ডায় এক পর্যায়ে তারিকুল হাসুয়া দিয়ে রতনের ডান পায়ে উরুতে আঘাত করে।

হাসুয়ার আঘাতে রতনে ডান পায়ের উরুর রগ কেটে রক্ত বের হতে শুরু করে। এসময় এলাকাবাসী ও রতনের আত্বীয় স্বজনেরা তাকে গুরুতর জখম অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে বেলপুকুর আরএমপি থানা পুলিশ রাজশাহী মহানগরের লক্ষীপুর রামেক হাসপাতালের সামনে থেকে তারিকুলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে বেলপুকুর আরএমপি থানার দায়িত্ব প্রাপ্ত এসআই আক্তার হোসেন বলেন, মৃতের বাবা মাসেম আলী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় তারিকুলকে আটক করা হয়েছে। নিহত রতনের ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে আটক তারিকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ