গাজায় নিহতের প্রকৃত সংখ্যা প্রায় ২ লাখ : ল্যানসেট


যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সাময়িকী ল্যানসেটের মতে, গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চলমান প্রকৃত মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৮৬ হাজার। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চলমান অভিযানে গত ৯ মাসে ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে।
সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, মৃতের সংখ্যা বেশি কারণ সরকারি যে হিসাব করা হয়েছে সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার মৃতদেহের সংখ্যা উল্লেখ নেই। এ ছাড়া খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃত এবং অন্যান্য পাবলিক অবকাঠামো ধ্বংসের কারণে মৃতদেরও সেই সংখ্যায় ধরা হয়নি।
ল্যানসেটের প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, যুদ্ধে প্রত্যক্ষ ক্ষতির বাইরে খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ হয়। আবার গাজা যুদ্ধ অবিলম্বে শেষ হয়ে গেলেও তা পরক্ষোভাবে আগামী মাস ও বছরগুলোতে আরো মৃত্যু ঘটাবে, যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হতে পারে।
গবেষণায় আরো বলা হয়েছে, গাজার অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। খাদ্য, পানি, বাসস্থানসহ নানা জিনিসের অভাব সেখানে রয়েছে। এ ছাড়া ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার তাদের তহবিল বন্ধ হতেও দেখেছে। এর ফলে মৃতের সংখ্যা আরো বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
গবেষণায় বলা হয়েছে, ‘সংঘাতে পরোক্ষ মৃত্যুর সংখ্যা প্রত্যক্ষ মৃত্যুর সংখ্যার তিন থেকে ১৫ গুণ।’ গবেষণায় বলা হয়েছে, একটি সাধারণ স্বীকৃত সিদ্ধান্ত হলো— প্রতি একজন সরাসরি নিহতের সঙ্গে পরোক্ষ নিহতের সংখ্যা থাকে অন্তত ৪ জন।
আমরা এই হিসেবেই এখানে প্রয়োগ করেছি। এটা থেকে অনুমান করা অসম্ভব নয় যে, গাজা যুদ্ধে ১ লাখ ৮৬ হাজারের বেশি মৃত্যু হতে পারে। যে সংখ্যাটি যুদ্ধের আগে গাজার ২.৩ মিলিয়ন জনসংখ্যার প্রায় ৮ শতাংশ।
ল্যানসেট সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা পরিষেবা, জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকলেই একমত যে গাজার মৃতের সংখ্যা নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে তথ্য জালিয়াতির যে দাবি উঠেছে, তা ‘অকল্পনীয়’।
তারা আরো উল্লেখ করেছে, মৃত্যুর সংখ্যা সম্ভবত অনেক বেশি। কারণ গাজায় অবকাঠামো ধ্বংসের ফলে এর নিয়ে বহু মানুষ চাপা পড়েছে এবং তাদের উদ্ধার করা সম্ভব নয়। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা গণনা অত্যন্ত কঠিন ।
সূত্র : আলজাজিরা





