সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বিএনপি বিলুপ্তির পথে: হানিফ


কুষ্টিয়া প্রতিনিধিঃ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনিবার্য। আগামী ১৮ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক ছাড়া অন্য কোনো কর্মসূচি পালন করা যাবে না, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সময়োপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।
সন্ত্রাসী কর্মকান্ড চালু রাখলে বিএনপি আগামী দিনে বিলুপ্ত হয়ে যাবে বলে হুঁশিয়ার করেছেন মাহবুবউল আলম হানিফ।
গতকাল সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় যোগ দিতে এসে হানিফ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয়, মা প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছেন। এই দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামীর বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে। তার কথামতো, বিএনপি যদি সন্ত্রাসী কর্মকান্ড চলমান রাখে, তাহলে আগামীতে এই দলটি বিলুপ্ত হয়ে যাবে। আর আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হচ্ছে। অচিরেই নাশকতামূলক কর্মকান্ড নির্মূল হয়ে যাবে।
পরে স্বনির্ভর পরিবেশবান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাহবুবউল আলম হানিফ। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশক সমিতির সহ-সভাপতি অজয় সুরেকার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেলিম তোহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, তথ্য গবেষণা সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমূখ। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।





