রাজধানী

গুলিস্তান-মতিঝিল-পল্টনে দোকানপাট বন্ধ

রাজধানীতে আজ শনিবার সমাবেশ করছে দেশের বড় দুটি রাজনৈতিক দল। এছাড়া সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। এ পরিস্থিতিতে গুলিস্তান, বাইতুল মোকাররম এলাকা, মতিঝিল, পল্টন, কাকরাইলসহ আশেপাশের এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই এমন চিত্র দেখা গেছে।

এই বিভাগের আরও সংবাদ

সরেজমিনে দেখা যায়, শান্তিনগর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টন হয়ে ফকিরাপুল মোড় পর্যন্ত অবস্থান করছে বিএনপির নেতাকর্মীরা। এতে কাকরাইল মার্কেট, পলওয়েল মার্কেট, গাজী ভবন শপিং সেন্টার, সিটি হাট, পাইকারি মার্কেট পল্টন চায়না টাউনসহ এ সড়কের দুই পাশের সব বিপণিবিতান, বিক্রয়কেন্দ্র, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ রয়েছে। শান্তিনগর ও রাজাবাগ এলাকায়ও অধিকাংশ দোকান বন্ধ। বিশেষ করে প্রধান সড়কে খোলা দোকানপাটের সংখ্যা খুব কম।

অন্যদিকে, রাজধানীর আরামবাগ মোড়ে পুলিশি ব্যারিকেডের পাশেই সমাবেশের ‘প্রস্তুতি’ নিচ্ছে জামায়াতে ইসলামী। ওই এলাকায় ফকিরাপুল থেকে শাপলা চত্বর পর্যন্ত দোকনপাট বন্ধ দেখা গেছে। সেখানে সকাল থেকেই জামায়াতের নেতাকর্মীরা ফুটপাতে বসে স্লোগান দিচ্ছেন।

এছাড়া গুলিস্তান, রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। বায়তুল মোকাররম মার্কেটসহ গুলিস্তান পীর ইয়ামীনি মার্কেট বন্ধ দেখা গেছে।

এসব এলাকায় ব্যক্তিগত গাড়ির বিক্রয়কেন্দ্র, পোশাকের পাইকারি বাজার, প্রবাসী শ্রমিক পাঠানোর কোম্পানি, রেস্তোরাঁসহ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। রাস্তা বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে।

আলাপকালে ওই এলাকার ব্যবসায়ী সাইফুজ্জামান জানান, নিরাপত্তার কারণে বাধ্য হয়ে দোকান বন্ধ রাখা হয়েছে। এছাড়া সকালে পুলিশ তাদের প্রতিষ্ঠান খুলতে নিষেধ করেছেন। তিনি বলেন, দোকান খুললেও লাভ কী? ক্রেতা আসবে কীভাবে। এ আতঙ্কের মধ্যে কেউ আসবে না।

কাকরাইলে গাড়ি বিক্রির প্রতিষ্ঠানের মালিক এমদাদুল বলেন, বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা ও পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে দোকান খোলা যায়নি। এছাড়া এই এলাকায় সাধারণ মানুষ আসতে পারছে না। সকাল থেকে গাড়ি-ঘোড়া বন্ধ।

তিনি বলেন, গ্রাহকের উপস্থিতি নেই। ব্যবসায়ী, ক্রেতা সবাই আতঙ্কে আছেন। অনেকে শোরুমে রয়েছেন। কিন্তু বাইরে তালা দিয়ে বন্ধ করা। বেচাকেনা বন্ধ।

গুলিস্তান মোড়ের চা বিক্রেতা সবুজ দোকান খুলে বিক্রি করছেন। জানতে চাইলে তিনি বলেন, পেটের দায়ে বেচাকেনা করছি আতঙ্কের মধ্যেই।

এক মিষ্টির দোকানের মালিক বলেন, ‘খুলেছি কিন্তু সংঘর্ষ শুরু হলে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে যাবো। দোকানে আমার প্রায় ৪৫ হাজার টাকার মিষ্টি আছে। এগুলো সরিয়ে নিতে না পারলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। সে জন্য বাধ্য হয়ে এসেছি।

এদিকে, শনিবার ছুটির দিন হওয়াতে এমনিতেই এসব এলাকায় ব্যাংক-বিমা বন্ধ রয়েছে। এসব এলাকায় গণপরিবহন চলাচলও বন্ধ রয়েছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম।

এই বিভাগের আরও সংবাদ