মাহমুদউল্লাহর শেষের ঝড়ে বাংলাদেশের লড়াকু পুঁজি


বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। এই দুজনে মিলে যোগ করেছিলেন ৯৩ রান। তানজিদ ৪৩ বলে ৫১ রান করে আউট হওয়ার পর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। লিটন হাফ সেঞ্চুরি পর আউট হয়েছেন ৬৬ রান করে। যদিও শেষের দিকে মাহমুদউল্লাহ রিয়াদের রানের ৪৬ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দেখেশুনে খেলেছেন লিটন ও তানজিদ। ভারতের দুই পেসার জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের দারুণ সব বল লিভ করছিলেন দুজনই। তুলনামূলক ধীরগতিতে ছিলেন লিটন। ১৪তম বলে প্রথম রানের দেখা পান লিটন। পঞ্চম ওভারের প্রথম বলে বুমরাহর ইয়র্কার ফ্লিক করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে যান তানজিদ। যদিও বুমরাহর মনে হয়েছে বলটি তানজিদের প্যাডে লেগেছে, আর তাই আবেদনও করেননি তিনি।
একদম অনাকাঙ্ক্ষিতভাবে ‘জীবন’ পেয়ে যান তরুণ ওপেনার তানজিদ। তবে ষষ্ঠ ওভার থেকেই আক্রমণাত্মক রূপে দেখা যায় লিটনকে। সিরাজের এক ওভারেই দুটি বাউন্ডারি হাঁকান এই ওপেনার। প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ করে মাত্র ১০ রান। পরের ওভারের শেষ বলে বুমরাহকে ছক্কা হাঁকান তানজিদ। অষ্টম ওভারে সিরাজের ওভারে দুটি চার হাঁকান সিরাজ। নবম ওভারে হার্দিক পান্ডিয়া বোলিং করতে আসলে তার ওভারে আবারও দুটি চার মারেন লিটন।
ইনিংসের দশম ওভারে ডাউন দ্যা উইকেটে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের রান পঞ্চাশ পার করেন তানজিদ। শার্দুল ঠাকুরের সেই ওভারে আরও এক্সট্রা কভার বাউন্ডারিতে একটি ছক্কা এবং মিড অনে একটি চার মারেন তামিম। ৪১ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ। হাফ সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। কুলদীপের গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়েছেন তিনি। ৪৩ বলে ৫১ রান এসেছে তানজিদের ব্যাট থেকে।
তানজিদ ফেরার পর দ্বিতীয় উইকেটে লিটনের সঙ্গে জুটি বাঁধতে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে তাকে থিতু হতে দেননি রবীন্দ্র জাদেজা। ভারতীয় এই স্পিনারের করা ব্যাক অব দ্য লেন্থ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। তৃতীয় উইকেটে লিটনকে সঙ্গ দিতে এসেছেন মেহেদী হাসান মিরাজ। এই ব্যাটারকে নিয়ে ৬২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন।
মিরাজকে দ্রুত ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ। ১৩৯ কিলোমিটার বেগে করা সিরাজের ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন মিরাজ। তবে বল আজ হয়ে উইকেটের পেছনে চলে যায়। ভারতের উইকেটরক্ষক লোকেশ রাহুল বামদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নিয়েছেন। রবীন্দ্র জাদেজাকে লং অফ দিয়ে উড়িতে মারতে গিয়ে লং অফে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়েছেন লিটন। এর ফলে ব্যক্তিগত ৬৬ রানেই থামতে হয়েছে তাকে।
বাংলাদেশের ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম বলটি ডট করলেও দ্বিতীয় ও তৃতীয় বলে চার মেরেছিলেন লিটন। তৃতীয় বলে স্ট্রেইট ড্রাইভ করেছিলেন বাংলাদেশি এই ওপেনার। বলটি পা দিয়ে ফেরাতে গিয়ে অপ্রস্তুতভাবে পড়ে যান হার্দিক। পড়ে বাঁ পায়ে চোট পান এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর মাঠেই সেবা নিতে দেখা যায় তাকে। পায়ে অস্বস্তি থাকায় এরপর মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে ওভার সম্পন্ন করেন বিরাট কোহলি। জানা গেছে ম্যাচ চলাকালীনই স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে হার্দিককে।
১৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে জুটি বেধেছিলেন মুশফিকুর রহিম। এই দুজনে ৩০ রান যোগ করেন। হৃদয় ৩৫ বলে ১৬ রান করে ধৈর্য্য হারিয়ে আউট হয়েছেন। শার্দুল ঠাকুরের করা শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড উইকেটে গিলের হাতে ক্যাচ দিয়েছেন হৃদয়। মুশফিকও এরপর ফিরে গেছেন দ্রুত। তাকে আউট করেছেন জসপ্রিত বুমরাহ।
ভারতীয় এই পেসারের স্লোয়ার ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়েছেন ৪৬ বলে ৩৮ রান করা মুশফিক। এরপর মোহাম্মদ সিরাজের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন নাসুম আহমেদ। তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন। তাকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করেছেন জসপ্রিত বুমরাহ। এরপর ইনিংসের শেষ বলে শরিফুলের ছক্কায় বাংলাদেশ লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে।





