উল্লাপাড়ায় উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন তালুকদারের মৃত্যু


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার আলা (৬৫) মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নিউরোলজি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। আলা উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
মরহুমের ছেলে অনিক তালুকদার বলেন, আমার পিতা মরহুম আলাউদ্দিন তালুকদার আলা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি উপজেলা কৃষকলীগের সভাপতি পদে অধিষ্ঠিত থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আওয়ামী রাজনীতির সেবক হিসেবে কাজ করে গেছেন। তিনি ছিলেন আওয়ামী রাজনীতির একজন আদর্শ কর্মী।
উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি জানান, উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন তালুকদার আলা’র মৃত্যুতে আওয়ামী রাজনীতিতে বড় ধরনের ক্ষতি সাধিত হলো। নামাজের জানাজায় অংশ নিয়ে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বপন। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আলাউদ্দিন তালুকদার আলা মৃত্যুকালে স্ত্রী, চার পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি উপজেলার নেওয়াগাছা ঈদগাহ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।





