বিনা পরোয়ানায় গ্রেফতারে পুলিশের প্রতি ১০ নির্দেশনা


১৮৬০ সালের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা আইন-শৃঙ্খলা বাহিনীকে অসীম ক্ষমতা দিয়েছে। মামলা না থাকলেও যেকোন ব্যাক্তিকে যেকোন জায়গা থেকে পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী যুক্তিসংগত কারণে গ্রেপ্তার করতে পারে।
৯টি কারণে এ ধারায় গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অনেক সময়ই গ্রেপ্তারের ক্ষমতা স্বেচ্ছাচারীভাবে প্রয়োগের অভিযোগ পাওয়া যায়। কাউকে গ্রেপ্তার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণের বিধান রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এটা মানে না। কোনো ব্যক্তিকে কয়েক দিন আগে গ্রেপ্তার করা হলেও কাগজে-কলমে পরে গ্রেপ্তার দেখানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য দেশের সর্বোচ্চ আদালত সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছেন, যা আইন প্রয়োগকারী সংস্থা ও অধস্তন আদালতগুলোর জন্য মেনে চলা বাধ্যবাধকতা রয়েছে। কারণ, ৫৪ ধারায় ওয়ারেন্ট ছাড়া আটকের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা সংবিধানের তৃতীয় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকারসংক্রান্ত বিধানগুলোর পরিপন্থী। অনেক সময় পুলিশ ৫৪ ধারাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। বিনা পরোয়ানায় কাউকে আটক করে বহু পুরনো মামলার আসামি করে। পুলিশের ক্ষমতার অপব্যবহার রোধ করতে দেশের সর্বোচ্চ আদালত সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিনা পরোয়ানায় গ্রেফতারের বিষয়ে পুলিশের জন্য ১০টি ও ম্যাজিস্টেটের জন্য ৯ টি নির্দেশনা দিয়েছেন (৬৯ ডিএলআর (এডি) ৬৩) ।
আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য ১০ টি নির্দেশনার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো :
- কাউকে কোথায় থেকে কত তারিখে কখন গ্রেফতার করা হয়েছে তা একটি মেমোরেন্ডামে উল্লেখ করতে হবে ও তাতে গ্রেফতারকৃত ব্যাক্তির স্বাক্ষর নিতে হবে।
- গ্রেফতারকৃত ব্যাক্তির আত্মীয়-স্বজনকে ১২ ঘন্টার মধ্যে জানাতে হবে।
- গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ থাকতে হবে।
- আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয় প্রকাশ করতে হবে ।
- কেউ পুলিশের বা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়পত্র দেখতে চাইলে তা দেখাতে হবে।
- অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করতে হবে।
- বাসা থেকে গ্রেফতার করা না হলে আত্মীয়-স্বজনকে ১২ ঘন্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে।
- গ্রেফতারকৃত ব্যাক্তিকে তার আইনজীবীর সাথে পরামর্শ করতে দিতে হবে বা আত্মীয়-স্বজনের দেখা করতে দিতে হবে।
- রিমান্ড আবেদন করলে ২৪ ঘন্টার মধ্যে কেন তদন্ত শেষ হয়নি তা উল্লেখ করতে হবে।
আপিল বিভাগের এসব নির্দেশনা মানা আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য বাধ্যতামূলক। আপিল বিভাগের এসব নির্দেশনা না মানলে পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা যাবে।





