পলাশবাড়ির ১০০ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর ও পলাশবাড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মধ্যে ১০০ জনের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সহায়তা হিসেবে প্রতিজনকে নগদ টাকা ও শিক্ষা উপকরণসহ মোট পাঁচ টাকার সহায়তা দেওয়া হয়।
বুধবার (২১ জুন) স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মিজানুর রহমান সৈকত, মো. মোবারক, হাসিব মিয়া প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, জেলার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে তা খুবই প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের মাদক ও সাইবার অপরাধ থেকে সচেতন হওয়ার কথা বলেন। এছাড়া স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহবান জানান”
উল্লেখ্য, দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে ঢাকার এই বিদ্যানন্দ সংস্থাটি বেশ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা তখন জীবনবাজি রেখে তখন থেকেই সাধারণ মানুষের মধ্যে ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে।
এছাড়াও ২০২২ সালে সমাজকল্যাণ মন্ত্রনালয় কতৃক জাতীয় মানবকল্যান পদক ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।





