শাহজালালে ৩৫৬৫ পিস ইয়াবাসহ আটক -১


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫৬৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা।
এপিবিএন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মো: জাহিদ হোসেন (২৭)। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার আব্দুল গফুরের পুত্র।
শুক্রবার বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক ইয়াবা উদ্বারের বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের এর নিয়মিত নজরদারির অংশ হিসেবে সাদা পোশাকের গোয়েন্দা দল এবং পেট্রোল দল রাত দিন কাজ করে। আজ শুক্রবার সকালে এপিবিএনের গোয়েন্দা দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার সময় এক অভিযুক্ত ব্যক্তিকে লক্ষ্য করে।
মোহাম্মদ জিয়াউল হজ জানান, এসময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। তার দিকে এগিয়ে যেতেই অভিযুক্ত মো: জাহিদ হোসেন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন এবং নিজ হাতে তার পরিহিত পোশাকের পকেট থেকে ৩৫৬৫ পিস ইয়াবা বের করে দেন। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের এবং তাকে পুলিশের নিকট সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানান এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।
এদিকে, আজ রাত ৮ টায় বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুল হক ভূঁইয়া জানান, এপিবিএন পুলিশের হাতে ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও পর্যন্ত থানায় সোপর্দ করা হয়নি।





