সিরাজগঞ্জ

শেষ হলো ঐতিহ্যবাহী বিয়ারা মেলা

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শতবর্ষ পুরনো ঐতিহ্যবাহী বিয়ারা মেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ মেলা প্রতিবছর বাংলা বৈশাখ মাসের প্রতি শনিবার সকালে শুরু হয়ে চলে রাত পর্যন্ত। বৈশাখ মাসের শেষ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত মেলা অনুষ্ঠিত হলেই তার পরের দিন রবিবার সকাল থেকে শুরু হয় বউ মেলা চলে সারাদিন। মেলাটি বাঙালি সংস্কৃতি-ঐতিহ্যের প্রতীক।

বিয়ারা মেলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মেলাটি বসানোর জন্য কোন প্রচার-প্রচারণা করতে হয়না। লোকজন ও দূর-দূরান্তের ব্যবসায়ীরা এমনিতেই জানে বৈশাখ মাসের প্রতি শনিবারে মেলাটি বসবে। তাই বৈশাখ মাসের মধ্যে যে কয়েকটি শনিবার হয় সেই শনিবারের দিন যার যার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য মেলায় আসে।

মেলাটি শুরু হয়েছিল কত সাল থেকে কার হাত ধরে তেমন কোনো ইতিহাস পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় সম্রাট আকবরের সময়কালে বৈশাখ মাসে কৃষকদের খাজনা, ‌ মাশুল ও শুল্ক পরিশোধ করতে হতো। সেই সময় এই অঞ্চলের কৃষকেরা খাজনা মাশুলও শুল্ক পরিশোধ করতে তাদের ফসল বিক্রির জন্য এই মেলাটি প্রতিষ্ঠা করেছিল।

সরেজমিনে দেখা যায়, মাটির তৈরি তৈজসপত্র, মাটির টেপা পুতুল, কাচের চুড়ি, পাট পণ্যের পাশাপাশি কাঠের পুতুল, হাতপাখা, মুড়ি-মুড়কি, বাঁশি, শিশুদের খেলনা, টমটম গাড়ি, ইমিটেশনের গহনা, শীতলপাটি, গাছের চারা, মাছ ধরার চাঁই, ডালা, কুলা, দা-বঁটি, প্লাস্টিকের ফুলসহ বাহারি সব জিনিস কিনে নিচ্ছেন মানুষজন। বেশি ভিড় দেখা যায় মিস্টি ও ঝুড়ি-বুন্দির জিনিসপত্রের দোকানে।

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল থেকে মেলায় আসা রবিউল ইসলাম বলেন, বিয়ারা মেলায় না আসলে বুঝতে পারতাম না যে কত মানুষ এ মেলাটি উপভোগ করেন। আর গ্রামীণ ঐতিহ্যবাহী অনেক কিছুই পাওয়া যায় এ মেলায়।

কাজিপুর উপজেলা থেকে মেলা দেখতে আসা শামিম সেখ বলেন, ‘আমি বিয়ারার এ মেলার কথা অনেক শুনেছি। তাই আজ দেখতে এলাম সত্যিই অনেক ভাল লাগছে।

বগুড়া থেকে আসা ব্যবসায়ী নুর আলম বলেন, ‘আমি প্রায় দশ বছর যাবৎ বিয়ারার এ মেলায় বিভিন্ন মালামাল বেচা-কেনা করে আসছি। ভালো লাভ হয় তাই প্রতিবছরই আসি।

সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, কবে থেকে এ মেলার আবির্ভাব ঘটেছে সেটা সঠিকভাবে আমরা জানি না। তবে এলাকার বয়ো:বৃদ্ধ ব্যক্তিদের কাছ থেকে শুনেছি, জমিদারি প্রথা থেকে এ মেলার সূচনা হয়। বর্তমানে মেলার পরিধি বাড়ছে।

এই বিভাগের আরও সংবাদ