রাজধানী

শুক্রবার রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে আগামী শুক্রবার (০৫ মে) রাত ১১টা থেকে পরবর্তী ৭ ঘণ্টা যান চলাচল সীমিত থাকবে। এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এতে বলা হয়েছে, আগামী ৫ মে রাত ১১টা থেকে ৬ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, উড়াল সড়কের নির্মাণকাজের জন্য গত শুক্রবারও (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়ক বাদ দিয়ে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেয় বেবিচক।

উল্লেখ্য, বিমানবন্দরের গোলচত্বর ঘিরে ৬টি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে মেট্রোরেল লাইন-১ আর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান। কিন্তু এ সড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় অতি সতর্কতার সঙ্গে কাজ করতে হয় উন্নয়ন প্রকল্পের।

এই বিভাগের আরও সংবাদ