রাজারহাটে প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী জেল হাজতে


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে এসএসসি পরীক্ষার প্রথম দিন এক প্রক্সি (বদলি) পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র সিঙ্গারডাবরীহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ থেকে তাকে আটক করা হয়। আটক যুবক সুমন রহমান (২৫) উপজেলা সদরের হরিশ্বর তালুক গ্রামের কলিম উদ্দিনের পুত্র।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়,পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষা শুরুর পর কেন্দ্রের ৫নম্বর কক্ষে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মোঃ ইসরাফিল হোসেন এর পরিবর্তে সুমন রহমান পরীক্ষায় অংশ গ্রহন করে।
এসময় তার আচরনে কক্ষ পরিদর্শক প্রশান্ত কুমারের সন্দেহ হয়। তিনি বিষয়টি কেন্দ্র সচিবকে অবগত করলে জিজ্ঞাসাবাদে সুমন রহমান প্রক্সি পরীক্ষা দেয়ার কথা স্বীকার করে। পরে কেন্দ্র সচিব ওই যুবককে পুলিশে সোপর্দ করে। দুপুরে এঘটনায় পুলিশ বাদী হয়ে রাজারহাট থানায় সুমন রহমান ও ইসরাফিলের বিরুদ্ধে একটি মামলা করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা-হিল-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,প্রক্সির পরীক্ষার্থীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামী সুমনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





