আইন ও আদালত

শাকিবকে আইনি নোটিশ, ৩ দিনের আল্টিমেটাম

শাকিব খানের অস্ট্রেলিয়া কাণ্ডে ঢালিউড পাড়া এখন উত্তাল! চলচ্চিত্রের সংগঠনগুলোতে শাকিবের বিরুদ্ধে লিখিতে অভিযোগের পর এবার তার নামে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। শুধু তাই নয়, শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে যদি যথাযথ উত্তর না দেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।

রহমত উল্ল্যাহর পক্ষে আইনি নোটিশটি পাঠিয়েছেন অ্যাডভোকেট ড. মো. তবারাক হোসেন ভুঁইয়া, যিনি জুরিসকনসাল্টস অ্যান্ড লিগ্যাল সল্যুশনের (জেএলএস) হেড অব চেম্বার। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন এ চেম্বারের জুনিয়র অ্যাসোসিয়েটস ও মুখপাত্র তামান্না।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, ‘গতকাল (২১ মার্চ) রাত ৮টা ১৫-২০ মিনিটের মধ্যে নোটিশটি শাকিব খানের বাসায় পৌঁছে দেওয়া হয়। নোটিশে ৩ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা কোনও সাড়া না দেন, তাহলে আমাদের ক্লায়েন্টের (রহমত উল্ল্যাহ) সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

নোটিশে বলা হয়েছে, রহমত উল্ল্যাহ প্রযোজিত সিনেমায় অভিনয় করলেও তাকে ‘ভুয়া, প্রযোজক নামধারী বাটপার, প্রতারক’ বলে মানহানি করেছেন শাকিব। এরকম আক্রমণাত্মক মন্তব্য করার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮’র ২৫ ও ২৯ ধারা এবং দণ্ডবিধি ৪৯৯ ও ৫০০ ধারায় শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন রহমত। শাকিবের কাছে মানহানি ও সাধারণ ক্ষতির জন্য একটি উপযুক্ত পরিমাণ টাকাও দাবি করেছেন তিনি। তবে নোটিশে টাকার অংক উল্লেখ করা হয়নি।

আইনি নোটিশের কপি নিজের ফেসবুকে শেয়ার করে প্রযোজক রহমত উল্ল্যাহ লিখেন, ‘অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনও বক্তব্য আমি দেবো না। এখন থেকে এই বিষয়ে যে কোনও ধরনের বার্তা দেয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন।’

এই বিভাগের আরও সংবাদ