ক্রিকেট
তিন ব্যাটারের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৪৬


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে টাইগারদের লক্ষ্য তাই জয় তুলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। সে লক্ষ্যে প্রথমে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের ফিফটিতে লড়াকু সংগ্রহ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২৪৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। এছাড়া ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট তুলে নেন জফরা আর্চার। দুটি করে উইকেট পেয়েছেন আদিল রশিদ ও স্যাম কারান।





