রাজনীতি

নিষেধাজ্ঞা আসবে সেটা স্বাভাবিক : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গুম-খুন করা হচ্ছে। এখানে ভালো কিছু হচ্ছে না। এ অবস্থায় নিষেধাজ্ঞা আসবে সেটা স্বাভাবিক।

বিদেশে স্থাপিত দূতাবাসগুলোর সমালোচনা করে তিনি বলেন, দূতাবাসের কাজ হলো জনগণের পক্ষে কাজ করা। নিষেধাজ্ঞা ঠেকানোর কাজ তাদের না।

এই বিভাগের আরও সংবাদ

রোববার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণের এ সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর দক্ষিণ।

আমীর খসরু বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ২৭ দফা রূপরেখা বিএনপির আন্দোলনের অংশ। যিনি এ ধরনের রূপরেখা দিতে পারেন তাকে বলা হয় ‘স্টেটসম্যান’। আর তারেক রহমান সেই কাজটিই করেছেন। তার দক্ষতা ও যোগ্যতায় তিনি বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

তিনি বলেন, বর্তমান অনির্বাচিত সরকারের হাত থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে একটা ট্র্যাকে আনতে হবে। সেজন্যই তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, যারা শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ তাদের সমন্বয়ে আপার হাউজ গঠনের প্রস্তাব দিয়েছেন। এতে করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে বলে মানে করেন তিনি।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে হতে হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ যত কালো আইন আছে সবই বাতিল করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরুল আহসানসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ