মাগুরায় দুর্বৃত্তের কোপে কৃষক খুন


মতিন রহমান, মাগুরা:মাগুরায় মোশারফ হোসেন (৬০) নামে এক কৃষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে। সোমবার (২জানুয়ারি) রাতে রাস্তার পাশে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এঘটনায় নিহতের ভাই ফয়জুর মৃধা জানান, গতরাতে সাড়ে ১১টার দিকে স্থানীয় বাজার থেকে তার ভাই বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কিছু লোক তার ভাইকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় চিৎকার শুনে পাড়ার লোকজন এগিয়ে আসেন। শত্রুতা করে কেউ এমন ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজ মিনা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। শত্রুতা করে এই হত্যাকাণ্ড ঘটনাতে পারে বলে জানান তিনি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার জানান, মঙ্গলবার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো নিহতর পরিবার মামলা করেনি। তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের খোজা হচ্ছে। ওই এলাকায় নিহতের পরবর্তী ঝামেলা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।





