রাজনীতি

কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেব না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদের আবারও সতর্ক করা হবে। বুধবার (১৬ নভেম্বর) মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এ দেশকে স্বাধীন করেছি। ফলে কারও কাছে পদানত হওয়া অথবা দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না।

এই বিভাগের আরও সংবাদ

তিনি আরও বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক পুলিশ সুপাররা শান্তিপূর্ণ নির্বাচন করবেন। বিএনপিও নির্বাচনে আসবে। এর আগেও তারা নির্বাচন নিয়ে সহিংসতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, দেশে খাদ্য সংকট হবে না। পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকদের অসন্তুষ্টির বিষয়ে মন্ত্রী বলেন, আমনে উৎপাদন খরচ কম, তাই ২৮ টাকা দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে আমন ধানে কৃষকের কোনো লোকসান হবে না।

এ সময় মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে কৃষি উদ্ভাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন। কৃষিমেলায় কৃষিক্ষেত্রে অবদান রাখার জন্য সাতটি প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ প্রদান করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ