লক্ষ্মীপুর

রামগঞ্জে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প, ভালো নেই কারিগররা

পারভেজ হোসাইন, রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি: প্রয়োজনীয় যন্ত্রপাতি, জ¦ালানী খরচ ও সংরক্ষণের অভাবে লক্ষীপুরের রামগঞ্জে বিলুপ্তির পথে স্থানীয় ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বিগত দুইশো বছর ধরে রামগঞ্জের ২নং নোয়াগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়ে আসলেও পর্যাপ্ত নজরদারি ও দেখভালের অভাবে ধ্বংসের পথে স্থানীয় শিল্পটি। এতে করে চরম অর্থকষ্টে দিন পার করছে মৃৎশিল্পের সাথে জড়িত পরিবারগুলো।

সরেজমিন ঘুরে দেখা যায়, রামগঞ্জ উপজেলাধীন নোয়াগাঁও ইউনিয়নের শৈরশই, নোয়াগাঁও ও কামারহাত বাজার এলাকার ৪০টি পরিবার এখনো নিজেদেরকে জড়িয়ে রেখেছেন বাপ-দাদার রেখে যাওয়া কয়েূকশ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই পেশাটির সাথে। কঠোর পরিশ্রমের পরও আশানুরূপ অর্থ উপার্জন না হওয়ায় এসব পরিবারের পুরুষ সদস্যরা জড়িয়েছেন ভিন্ন পেশায়। আর তাই বাড়ির গৃহিণীদের হাত ধরে কোনরকম টিকে আছে শিল্পটি। কোনপ্রকার সরকারি অনুদান না পাওয়ায় বর্তমানে মারাত্মক চ্যালেঞ্জিং সময় পার করছে এলাকার কুমোর শ্রেণির পেশাজীবি মানুষেরা।

এই বিভাগের আরও সংবাদ

গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে দেখা যায়, নিজেদের ঘরের ভেতর স্বল্প পরিসরে মাটির তৈরি হাঁড়ি-পাতিল, থালা-বাসন, কলসি, মগ, ফুলের টব, দইয়ের খাবানি, টবর, গ্লাস, বদনা, মাটির তৈরি ব্যাংকসহ বাচ্চাদের নানারকম খেলনা সামগ্রী বানাচ্ছেন গ্রামের গৃহিণীরা। সংরক্ষণের অভাবে ঘরের মেঝেতেই রাখা হয়েছে মাটির তৈরি সেসব
তৈজসপত্র। শৈরশই গ্রামের ষাটোর্ধ্ব মৃৎশিল্পী কাজল পাল জানায়, অনেক কষ্ট কইরাও বাপ-দাদার এই কাম টিকাইয়া রাখছি। গাড়িতে কইরা মাটি আনতে অনেক টাকা লাগে। মেশিনপত্রও নাই। কি আর করমু ডামি দিয়াই জিনিসপত্র বানাইতাছি। মাল কিনতে আগের মতো লোকজনও আসেনা।

মাটি দিয়ে হাঁড়ি তৈরির কাজে নিয়োজিত গৃহবধু রুনা পাল বলেন, পয়লা বৈশাখ আইলে আগে একটু বেচাকেনা অইতো। করোনার পর থাইকা বেচাকেনা একবারেই শেষ। এই কাম (কাজ) করি পোলাপাইন লই অন আর চলা যায় না। বাপ-দাদারা করি গেছে, ইয়্যালাই আমরাও করি।

স্থানীয় মৃৎশিল্পীদের সাথে কথা বলে জানা যায়, বাপ-দাদার আমল থেকেই তারা এই পেশার সাথে যুক্ত থাকলেও এখন আর এই কাজ করে সংসার চলে না তাদের। বাজারে প্লাস্টিক, অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র বিক্রি হওয়ায় মাটির তৈরি তৈজসপত্রে চাহিদা আগের মতো নেই।

বাজারে মাটির তৈরি দইয়ের খাবানি ও শিশুদের খেলনা জাতীয় দ্রব্যের যা- ও একটু চাহিদা আছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে সেটিও তৈরি করা সম্ভব হয় না তাদের। এছাড়াও জ¦ালানী খরচ অধিক হওয়ায় লাভের চেয়ে লোকসানের পাল্লাই ভারী। ফলে এই শিল্প টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে তাদের।

মৃৎশিল্পের নানামুখী সংকটের কথা উল্লেখ করে নোয়াগাঁও গ্রামের কুমোর অতুল চন্দ্র পাল জানান, করোনার পর থেকে বেচাকেনা একেবারে কমে যাওয়ায় অনেকেরই বানিয়ে রাখা জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। কেউ আর নতুন করে টাকা খরচ করে জিনিস বানায় না। আর তাছাড়া মেশিন না থাকায় সারাদিন কষ্ট করেও বেশি জিনিস বানানো সম্ভব হয় না। মেশিনের দাম অনেক বেশি তাই আমাদের দ্বারা এটা কেনা সম্ভব না। কারিগরদের মুজুরি দিতেই খুব কষ্ট হয়।

এলাকার অপর মৃৎশিল্পী দুলাল পাল জানায়, আগে তার ছেলেসহ এই কাজ করলেও ছেলেকে এই কাজ থেকে সরিয়ে দিয়েছেন তিনি। এই কাজ করে সংসার না চলায় অনেক আগেই ছেলেকে বিদেশ পাঠিয়েছেন কারিগর দুলাল পাল। বাজারে মাটির তৈরি হাঁড়ি-পাতিলের চাহিদা কমে যাওয়ায় এখন তিনি বাচ্চাদের খেলনা ও ফুলের টব বানান। শুধুমাত্র বাপ- দাদার ঐতিহ্যকে ধরে রাখতেই শখের বসে এখনো এই কাজের সাথে যুক্ত রয়েছেন ষাটোর্ধ্ব এই শিল্পী।

এদিকে, স্থানীয় মৃৎশিল্পীদের এমন সংকটকালে পেশাজীবি এসব কুমোরদের পাশে দাঁড়াতে না পারার কথা স্বীকার করেছে উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ বিষয়ে রামগঞ্জ উপজেলা পিডিবিএফ কর্মকর্তা পরেশচন্দ্র নাথ প্রতিবেদককে বলেন, এলাকার মৃৎশিল্পের ব্যাপারে আমরা অবগত আছি। যথেষ্ট পরিমাণ জনবল না থাকায় সবগুলো ইউনিয়নে কাজ করতে পারছি না। কিছুদিন আগে ডিসি মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে জনবলের বিষয়ে আলোচনা করেছি। জনবল তৈরি হলেই কুমোরপাড়ার মৃৎশিল্পীদের সহযোগিতায় এগিয়ে আসব।

এই বিভাগের আরও সংবাদ