গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে পরিচিত মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উদযাপন শুরু


ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (শুক্রবার) সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী পালিত হচ্ছে। ১৯৭৯ সালের এ দিনে তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস নিয়ন্ত্রণে নিয়েছিলেন ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র।
এ ঘটনার স্মরণে প্রতি বছরই ফার্সি ১৩ অবন বা ৪ নভেম্বর সাম্রাজ্যবাদবিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে নেমেছেন। রাজধানী তেহরানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলকারীরা সাবেক মার্কিন দূতাবাসের আশপাশের সড়কগুলোকে সমেবত হবেন।
এ উপলক্ষে তেহরান সিটি কর্পোরেশন যেসব সড়ক দিয়ে মিছিলকারীরা গুপ্তচরবৃত্তির আখড়ায় যাবেন সেগুলো চিহ্নিত করে দিয়েছে। ইরান সময় সকাল ৯টায় মিছিল শুরু হয়েছে। মিছিলকারীরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করছেন।
তেহরানে সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবসের মূল কর্মসূচি পালিত হবে সাবেক মার্কিন দূতাবাস ভবনের সামনে। সেখানে বিশাল এক সমাবেশের আয়োজন করা হবে। সমাবেশে বক্তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অটল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। পার্সটুডে





