আল্লাহ তাদের সাথে থাকেন, যারা তাকওয়া অবলম্বন করে


আল্লাহ এক-অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। আল্লাহ সর্বজ্ঞানী। আল্লাহ চিরন্তন, চিরঞ্জীব। তিনি সব সময় আছেন ও থাকবেন। তাঁর অস্তিত্ব অবশ্যম্ভাবী। তিনিই সবাইকে জীবন দান করেন ও মৃত্যু দেন। মানুষ যে কথাবার্তা বলে, আলোচনা করে, তিনি তা শোনেন। এমনকি গহিন সমুদ্রের তলদেশে বসেও যদি কেউ কথা বলে, তাও তিনি শুনতে পান। আসমান-জমিন, আরশ-কুরসি, লৌহ-কলম, জীবজন্তু, বৃক্ষতলা সব কিছুই আল্লাহর সৃষ্টি। দৃশ্য-অদৃশ্য সব কিছুর স্রষ্টা তিনিই। সৃষ্টি করার ক্ষেত্রে তাঁর কোনো নমুনার প্রয়োজন হয় না। সমগ্র সৃষ্টজগৎ ধ্বংস করে তিনি পুনরায় সৃষ্টি করতে সক্ষম। ‘আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা হাদিদ : ১)
আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেন, হে মানুষ! আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াসম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। -সূরা হুজুরাত: ১৩
মানবজীবনে সৎ গুণাবলির মধ্যে তাকওয়া হচ্ছে অন্যতম। যার মধ্যে তাকওয়া থাকে সে পার্থিব জীবনের লোভে কোনো খারাপ কাজ করে না এবং পরকালীন জীবনের কল্যাণ ও মঙ্গলের কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখে। তাই শাব্দিকভাবে তাকওয়া বলতে বোঝায় (ইসলাম বহির্ভূত কাজ থেকে) বিরত থাকা, ভালোভাবে বেঁচে থাকা, সাবধান থাকা, পরহেজ করা, সচেতনতা, জবাবদিহিতা, স্বচ্ছতা। এক কথায়, একমাত্র আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই তাকওয়া। আর যে ব্যক্তির মধ্যে তাকওয়া থাকে তাকে মুত্তাকি বলে। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, ‘তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো।’ (সূরা ইমরান : ১০২)
কুরআন মাজীদে তাকওয়া অবলম্বনকারীদের জন্য অনেক সুসংবাদ বর্ণিত হয়েছে, আলিফ-লাম-মীম। এটি (আল্লাহর) কিতাব, এতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়েত। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এবং যারা ঈমান আনে, যা তোমার প্রতি নাযিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাযিল করা হয়েছে তৎপ্রতি। আর আখিরাতের প্রতি তারা ইয়াকীন রাখে। তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম (সূরা আল বাকারা: ১-৫)।
আল্লাহর প্রতি যথার্থরূপে বিশ্বাসের পর তিনি যেসব বিষয়ে বিশ্বাস করতে বলেছেন সেসব বিষয়ে ঈমান আনা তাকওয়ার একটি অলঙ্ঘনীয় শর্ত। কেননা এর অন্যথা হলে আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি নিরর্থক বলে বিবেচিত হবে। আল্লাহর প্রতি সত্যিকার ঈমান মুমিনকে তাকওয়ার লেবাস পরিয়ে দেয়। মুমিনকে মুহসিন তথা সৎকর্মশীল করে দেয়। আর মুমিন যখন তাকওয়ার লেবাস পরে নেয় তখন আল্লাহর সকল আদেশ পালন করা ও নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকা তার জীবনের উদ্দেশ্যে পরিণত হয়। তাই মুত্তাকী ব্যক্তি আল্লাহ তাআলা যেসব নেক আমল করতে বলেছেন কায়মনোবাক্যে সেসব আমল যথার্থরূপে আদায় করে যায়।
পবিত্র কুরআনে আল্লাহপাক বলেন, ভালো কাজ এটা নয় যে, তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে বরং ভালো কাজ হল যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, ইয়াতীম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দিমুক্তিতে। আর সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্যধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে। তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকী (সূরা আল বাকারা: ১৭৭)। মুত্তাকীদের গুণাবলীর মধ্যে একটি হলো, কৃত পাপ ও গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও যমীনের সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে। যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন। আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি যুলম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে, জেনে শুনে তা তারা বার বার করে না (সূরা আল ইমরান:১৩৩-১৩৫)।
তাকওয়া অবলম্বনের বহু ফজিলত রয়েছে। তন্মধ্যে অন্যতম হলো তাকওয়া দ্বারা অন্তর খুলে যায়। ইলম হাসিল হয়। আল্লাহ তাআলা বলেন : আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তোমাদেরকে শেখাবেন (সূরা আল বাকারা:২৮২)।
তাই আমরা যদি আল্লাহর পথে চলার ইলমে নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই, দীনী ইলমের বিশাল ভাণ্ডার নিজেদের জন্য উন্মুক্ত করতে চাই, তবে তাকওয়া অবলম্বনই হবে আমাদের বড় মাধ্যম। তাকওয়া অবলম্বনের আরেকটি ফযীলত হলো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাকে সত্য-মিথ্যা যাচাইয়ের মানদণ্ড দান করেন। পাপ-পূণ্যের মাঝে পার্থক্য করার যোগ্যতা দান করেন। পাশাপাশি তিনি তার গুনাহসমূহও ক্ষমা করে দেন। ইরশাদ হয়েছে :
হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় কর তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান প্রদান করবেন, তোমাদের থেকে তোমাদের পাপসমূহ দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল (সূরা আল-আনফাল:২৯)।
অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার মধ্যে আন্তরিক দৃঢ়তা, বিচক্ষণতা ও সুন্দর হিদায়েত সৃষ্টি করে দেবেন, যার মাধ্যমে সে হক ও বাতিলের পার্থক্য করতে পারবে।
আর তাকওয়া যেহেতু মানুষের ঈমানকে দৃঢ় করে দেয়, নেক আমল করতে এবং পাপ ও অন্যায় থেকে তাওবা করতে উদ্বুদ্ধ করে, সৎ কাজের পথে চালিত করে, তাই সে ব্যক্তির গুনাহসমূহও পূন্যে রূপান্তরিত হয়ে যায়। ইরশাদ হয়েছে : তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পূণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু (সুরা আল-ফুরকান:৭০)।
তাকওয়া অবলম্বনের আরেকটি ফযীলত হলো আমল কবুল হওয়া। কেননা যে ব্যক্তির তাকওয়া নেই সে হয়তো মোটেই আমল করবে না, আর যদি করে তাহলে তা তাকওয়াশূন্য হওয়ার কারণে ইখলাসবিবর্জিত হতে বাধ্য। তাই আল্লাহ তাআলা সে আমল কবুল করবেন না- এটাই স্বাভাবিক। ইরশাদ হয়েছে :
আল্লাহ তো কেবল মুত্তাকীদের থেকেই কবুল করেন (সূরা আল মায়েদা: ২৭)।
তাকওয়া অবলম্বনের আরেকটি বিশেষ ফযীলত হলো তাকওয়ার কারণে আল্লাহর নিকট উক্ত ব্যক্তির মর্যাদা বেড়ে যাওয়া। ইরশাদ হয়েছে :
নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক সম্মানিত সে যে তোমাদের মধ্যে অধিক পরহেযগার (সূরা আল হুজুরাত:১৩)।
তাকওয়া অবলম্বনকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কর্তৃক দ্বিগুণ পুরস্কার দেয়া এবং তার পথচলার জন্য আলোর ব্যবস্থা করাও তাকওয়ার একটি অন্যতম ফল। আল্লাহ তাআলা বলেন : হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং তাঁর রাসূলের প্রতি ঈমান আন, তিনি স্বীয় রহমতে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেবেন, আর তোমাদেরকে নূর দেবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু (সূরা আল হাদীদ:২৮)।
তাকওয়া অবলম্বনের আরেকটি ফযীলত হলো, তাকওয়া অবলম্বনকারী ব্যক্তির পরকালে নাজাত পেয়ে ধন্য হওয়া। ইরশাদ হয়েছে : আর তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে, এটি তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। তারপর আমি তাদেরকে মুক্তি দেব যারা তাকওয়া অবলম্বন করেছে। আর যালিমদেরকে আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায় (সূরা মারয়াম:৭১-৭২)।
অন্যত্র ইরশাদ হয়েছে : আর আল্লাহ মুত্তাকীদেরকে তাদের সাফল্যসহ নাজাত দেবেন। কোন অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না। আর তারা চিন্তিতও হবে না (সূরা আয যুমার:৬১)।
জান্নাত লাভে ধন্য হওয়া তাকওয়ার একটি ফযীলত। ইরশাদ হয়েছে : সেই জান্নাত, আমি যার উত্তরাধিকারী বানাব আমার বান্দাদের মধ্যে তাদেরকে যারা মুত্তাকী (সূরা মারয়াম:৬৩)।
যারা মুত্তাকী আল্লাহ তাঁর রহমত-করুণা, সাহায্য ও সুরক্ষায় তাদের সাথে থাকেন। মুমিন ব্যক্তি এর থেকে বড় প্রতিদান আর কী আশা করতে পারে? ইরশাদ হয়েছে : নিশ্চয় আল্লাহ তাদের সাথে, যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল (সূরা আন নাহল:১২৮)।
তাকওয়া অবলম্বনকারীর আরেকটি প্রতিদান হলো, আকাশের বরকতসমূহ তার জন্য উন্মুক্ত হয়ে যাওয়া। ইরশাদ হয়েছে : আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও যমীন থেকে বরকতসমূহ তাদের উপর খুলে দিতাম কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম (সূরা আল- আরাফ:৯৬)।
মুত্তাকী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সমস্যাসঙ্কুল পরিবেশ থেকে বের হয়ে যাওয়ার পথ করে দেন। এবং এমনভাবে তার রিযিকের ব্যবস্থা করেন যা সে কখনো কল্পনাও করেনি। ইরশাদ হয়েছে : যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিযিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না (সূরা আত-তালাক: ২-৩)।
হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল (সূরা আল আহযাব: ৭০)।
পশুপ্রবৃত্তির প্রবঞ্চনা থেকে বাঁচা, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়া, নাফসের খাহেশাত থেকে বাঁচা ইত্যাদির জন্য তাকওয়ার কোনো বিকল্প নেই। আমরা পূর্ণাঙ্গরূপে মুত্তাকী হয়ে যাই। নিজদেরকে পরিপূর্ণরূপে তাকওয়ার চাদরে ঢেকে নিই। তাকওয়ামুখী জীবনযাপনকে জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য বলে সাব্যস্ত করি।





