আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৩

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৩ জন নিহত ও আরো বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। খবর বিবিসির। শহরটি বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটি এমন একটি অঞ্চলের অংশ যা রাশিয়া বলছে, গত মাসে তারা নিজেদের সঙ্গে যুক্ত করেছে।

গত কয়েক সপ্তাহে ওই শহরে বার বার হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের দক্ষিণ ও উত্তর-পূর্বে ইউক্রেনীয় বাহিনীর হাতে পরাজয়ের পর বিভিন্ন শহরে পাল্টা আক্রমণ করছে রুশ সেনারা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ওই অঞ্চলের বেশ কিছু অংশের নিয়ন্ত্রণ মস্কোর হাতেই রয়েছে।

প্রাথমিকভাবে ইউক্রেনীয় কর্মকর্তারা নিহতের সংখ্যা ১৭ বলে জানালেও পরবর্তীতে জানানো হয় যে, ১৩ জন নিহত হয়েছে।

গত ৯ দিনে জাপোরিঝিয়া শহর এবং এর আশেপাশে ৬০ জনের বেশি বেসামরিক নিহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই অঞ্চলে ক্রমাগত হামলাকে ‌‘শান্তিপূর্ণ মানুষের ওপর নির্দয় হামলা’ বলে অভিহিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ