আন্দোলনের ভয় আ. লীগকে দেখাবেন না: কাদের

বিএনপিকে মোকাবিলার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসেন মাঠে আসেন। লাঠি নিয়ে এলে খবর আছে। জাতীয় পতাকার সঙ্গে লাঠি- এটা আমরা মেনে নিতে পারবো না। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা আমরা মেনে নেবো না। আওয়ামী লীগ সতর্ক অবস্থায় ও সক্রিয় আছে। সতর্ক অবস্থায় সংযমী হয়ে আমরা থাকবো। রাজপথে ছিলাম। আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, তারা বিভাগীয় সমাবেশ করবে, আবার ডিসেম্বরে অবরোধ। এক সাংবাদিক প্রশ্ন করেছে আগের অবরোধই তোলে নাই এখন আবার অবরোধ! আমি বললাম, এটা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করুন- তিনি কেন এটা করবেন। কেন এটা করতে যাচ্ছেন।
বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে তিনি বলেন, ফখরুল সাহেব, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। সোজা কথা সোজা পথে আসুন, নির্বাচনে আসুন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে। সরকার রুটিন নির্বাচন পালন করবে। মূল দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। সরকারের আইনপ্রয়োগকারী সংস্থাও নির্বাচন কমিশনের অধীনে। সরকার তখন শুধু পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক সরকারের মতো রুটিন সরকার থাকেবে। সরকার না থাকলে কারা চালাবে দেশ? আপনাদের হাতে দেবো?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কতো গণ-আন্দোলন করলেন। এখনো বলছেন গণ-আন্দোলণ করবেন। ১৩ বছর চলে গেলো রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, বর্ষার পর- এসব শুনতে শুনতে। এতো বছরে কতোবার যে আন্দলনের ডাক। আন্দোলন হবে কোন বছর। দেখতে দেখতে ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছর। বিএনপির আন্দোলনের হাঁক-ডাকে আওয়ামী লীগ ভীত- সেই রকম উদ্ভট চিন্তা কেউ করে না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ রইলো, এতো অর্জন উন্নয়ন শেখ হাসিনার- দু’চারজনের অপকর্মের জন্য যেন ম্লান না হয়। পরিষ্কার বলে দিতে চাই, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিচয়ে যারাই অপকর্ম করবে, কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধীকে আওয়াম লীগ ছাড় দেবে না। অপকর্মকারীদের জন্য সাফল্য ম্লান হতে পারে না। দোষ করে গুটি কয়েক দোষ হয় পুরো সরকারের, এটা আমরা হতে দেবো না। যারা যেখানে অপকর্ম করছেন সব তথ্য কিন্তু নেত্রীর কাছে আছে। সবার এসিআর আছে। সময় মতো টের পাবেন। কেউ কেউ টের পাচ্ছেন বাকিরা সামনে পাবেন।
কাদের বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জমিদারি করবেন শেখ হাসিনা সেটা কোনোদিনই ক্ষমা করবেন না। জনপ্রতিনিধি জমিদারি মানসিকতা নিয়ে শেখ হাসিনার দলে থাকতে পারে না, বঙ্গবন্ধুর দলে থাকতে পারে না।





