ধর্ম ও জীবন

১৭ ই রমজান ঐতিহাসিক বদর দিবস:- ইসলাম বিজয়ের প্রথম সূর্যোদয়

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার: পবিত্র রমজান মাসের আজ ১৭ ই রমজান ১৪৪৩ হিজরী , ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার । সত্য-মিথ্যার পার্থক্য নির্দেশক গ্রন্থ আল কুরআনুল কারিম নাজিলের মাসে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যের অধিকারী। আজ ঐতিহাসিক বদর দিবস। হিজরি দ্বিতীয় সনের সতেরই রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল আল্লাহর একত্ব ও তার পাঠানো রাসূলের প্রতি অবিশ্বাসী বিশাল সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে বিশ্বাসী মুষ্টিমেয় দলের প্রত্য সশস্ত্র লড়াই। তাতে মানুষের সব ধারণা নাকচ করে দিয়ে প্রায় উপকরণহীন ও নিরস্ত্র মুষ্টিমেয় দলটিকে জয়ী করেন মহান রাব্বুল আলামিন। সত্য-মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের ইতিহাসে সংযোজিত হয় নতুন অধ্যায়।

তাই শুধু ইসলামের ইতিহাসে নয়, বিশ্বসভ্যতার ইতিহাসে এদিনটি অনন্য অবস্থান দখল করে রেখেছে। বিশ্বমানবকে মুক্তি ও কল্যাণের শাশ্বত বাণী শোনাতে এবং দিশেহারা বনি আদমকে সত্য-সুন্দর পথের সন্ধান দেয়ার জন্য ধূলির ধরায় তাশরিফ এনেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ হাবিব আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন। কিন্তু তার প্রচারিত ইসলামের বাণী মক্কায় তের বছর ধরে তেমন প্রসার লাভ করতে পারেনি স্থানীয় কুরাইশদের বিরোধিতার কারণে। এ দিকে ইয়াসরিব পল্লী থেকে বায়তুল্লাহর জিয়ারতে আসা আওস ও খাজরাজ গোত্রের লোকেরা তাতে সহজেই আকৃষ্ট হন এবং বিশ্বাস স্থাপন করেন। তারা জন্মভূমিতে নির্যাতিত ইসলামের নবী ও তার অনুসারীদের আহ্বান জানান নিজেদের জনপদে। আল্লাহর নির্দেশে মুসলমানেরা সেখানে হিজরত করতে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও একপর্যায়ে সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করলেন। নবীর শুভাগমনে ইয়াসরিবের নাম হয়ে গেল মদিনাতুন-নবী বা সংক্ষেপে মদিনা। নতুন জনপদটি হয়ে উঠল ইসলাম প্রচার ও প্রসারের নিরাপদ কেন্দ্র। মুসলমান হয়ে যাওয়া আওস-খাজরাজ গোত্রের সাথে বনু কায়নুকা, বনু নজির, বনু কুরায়জা প্রভৃতি ইহুদি গোত্রের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে রচিত হয় মদিনা সনদ নামে পরিচিত পৃথিবীর প্রথম লিখিত শাসনতন্ত্র। কিন্তু মক্কার কুরাইশরা শান্তিতে থাকতে চায়নি, মুসলমানদের শান্তিতে থাকতে দিতে চায়নি। তারা ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। ছোটখাটো হামলাও চালাতে থাকে। এতদিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুসলমানদের শুধু ধৈর্যের আদেশ করা হয়েছিল। এবার সশস্ত্র জিহাদের অনুমতি নিয়ে নাজিল হলো কুরআন মাজিদের কয়েকটি আয়াত।

যেমন সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলা হলো, ‘যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে, তাদের (যুদ্ধের) অনুমতি দেয়া হলো এজন্য যে, তারা নির্যাতিত হয়েছে। আর আল্লাহ তাদের সাহায্য করতে সক্ষম। তাদেরকে নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়েছিল অন্যায়ভাবে শুধু এ কারণে যে, তারা বলে আমাদের প্রভু আল্লাহ।’ এভাবে সশস্ত্র পন্থায় কাফেরদের প্রতিরোধ করার অনুমতি লাভের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রস্তুত হলেন। কুরাইশ কাফেরদের সাথে আল্লাহর নবী ও তার সাথীদের কয়েকটি ছোটখাটো সংঘর্ষের পর প্রথম সরাসরি সশস্ত্র মোকাবেলা হয় মদিনা থেকে বেশ দূরে বদর প্রান্তরে। কিন্তু দুই পক্ষের মধ্যে কোনো দিক দিয়েই সমতা ছিল না। আল্লাহর নবীর সাথে মাত্র তিনশ তেরজন মুজাহিদ। তারা প্রায় নিরস্ত্র। অপরপক্ষে আবু জেহেলের নেতৃত্বে ছিল এক হাজার প্রশিক্ষিত সৈন্যের সুসজ্জিত বাহিনী। লড়াই শুরুর আগে আল্লাহর নবী দোয়া করেছিলেন, ‘হে আল্লাহ, তুমি যদি চাও দুনিয়াতে তোমার ইবাদত করার কেউ না থাকুক, তাহলে এই ক্ষুদ্র দলটিকে নিশ্চিহ্ন হতে দাও।’ আল্লাহ তা চাননি। আল্লাহ তায়ালার অভিপ্রায় ছিল বাহ্যিক ও উপকরণগত শক্তির তুচ্ছতা প্রমাণ করা। তাই প্রায় নিরস্ত্র মুষ্টিমেয় মুজাহিদের কাছে পরাজিত হয় সুসজ্জিত বিশাল বাহিনী। কুরাইশদের দর্প চূর্ণ হলো। তাদের পক্ষে নিহত হলো সত্তরজন। বন্দী হয় আরো সত্তর জন। আর মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র চৌদ্দজন। যুদ্ধের এ ধরনের ফলাফল ছিল সম্পূর্ণ অভাবনীয়। কিন্তু তা ছিল আল্লাহর কুদরতের প্রমাণ। তিনি স্বল্পসংখ্যক মানুষকে বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়ী করে দেখিয়ে দিলেন অবিশ্বাসী লোকদের প্রকৃত দুর্বলতা ও অসহায়তা। তাই বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ জিহাদ। যুদ্ধবন্দীদের সাথে আল্লাহর নবী ও মুসলিমরা যে সহমর্মিতার আচরণ করেন, বিশ্বের ইতিহাসে তার নজির পাওয়া মুশকিল। মুক্তিপণ আদায়ে অক্ষমদের ওপর দেয়া হয়েছিল দশজন মুসলিম শিশুকে লেখাপড়া শেখানোর দায়িত্ব। শিক্ষার প্রতি ইসলামে কত গুরুত্ব আরোপ করা হয়েছে, তারও প্রমাণ এই ঘটনা। বিশ্বের সব ধর্মের মানুষের জন্য এতে রয়েছে গভীর ও ব্যাপক শিক্ষা। বিশ্বসভ্যতার মোড় ঘুরে যায় এ থেকে। বদর প্রান্তে যেমন মক্কার পৌত্তলিকদের বিরুদ্ধে মুসলিমরা জয়ী হয়েছিলেন, তেমনি একই সময়ে সমকালীন বিশ্বের দুই পরাশক্তি পারস্য ও রোমান সাম্রাজ্যের মধ্যে চলমান লড়াইয়ে জয়ী হয়েছিল রোমান শক্তি। অগ্নিপূজারি পারস্য শক্তির বিরুদ্ধে রোমান খ্রিষ্টান শক্তির বিজয়ের খবরও ছিল মুসলমানদের জন্য প্রেরণার বিষয়। পৌত্তলিকতাসহ বিভিন্ন অসার ভাবধারা মানবজাতিকে আশরাফুল মাখলুকাতের উন্নত মর্যাদা থেকে নামিয়ে এনেছিল সবচেয়ে নিচু স্তরে। ইসলাম মানবজাতিকে আবার সেই উন্নত মাকামে নেয়ার ঘোষণা দেয়। বদরের প্রান্তর থেকে ইসলামের বিজয়ধারা সূচিত হয়। তাই প্রতি বছর সতেরই রমজান মুসলিম উম্মাহকে স্মরণ করিয়ে দেয় গৌরবময় বিজয়ের ইতিহাস, নতুনভাবে প্রত্যয় জাগায় খোদায়ী কুদরতের অসীমতার সামনে নিজের সব কামনা বিলীন করে দেয়ার।

? গাযওয়ায়ে বদর বা বদরের যুদ্ধঃ

(আরবি:) ২ হিজরির ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এ যুদ্ধ জয়ের ফলে ইসলাম ও মুসলমানদের শক্তি বৃদ্ধি পায়। রাষ্ট্র হিসেবে মদিনার শক্তি, ভিত্তির স্বীকৃতি অর্জিত হয়। যদিও বদরের যুদ্ধের বছর অর্থাৎ ৬২৩ খ্রিস্টাব্দ থেকে ৬২৪ খ্রিস্টাব্দের মধ্যে মুসলিম ও কুরাইশ বাহিনীর মধ্যে বহু খণ্ড যুদ্ধ সংঘঠিত হয়; তথাপিও বদরের যুদ্ধ ইসলাম, মুসলমান এবং মদিনার নতুন রাষ্ট্রের ভিত্তিকে সুদৃঢ় করে।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের ২য় বছর অর্থাৎ ২য় হিজরি সালের ১৭ রমজান মদিনা থেকে ৭০ মাইল দক্ষিণে বদর নামক স্থানে অবিশ্বাসী কুরাইশ বাহিনীর সঙ্গে ইসলামের এ প্রথম যুদ্ধ সংগঠিত হয়। বদরের যুদ্ধের কিছু সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো-

? মুসলিম বাহিনীঃ

≪≫ সৈন্য সংখ্যা : ৩১৩জন। মুহাজির ছিলেন ৮২ জন। আর সবাই আনসার। আওস গোত্রের ৬১ জন এবং খাজরাজ গোত্রের ১৭০ জন।

≪≫ মুসলিম সেনাপতি : প্রীয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।

≪≫ মুসলিমদের উট ও ঘোড়ার সংখ্যা ছিল যথাক্রমে : ৭০টি ও ২টি।

≪≫ মুসলিম বাহিনী শহীদ হয় : ১৪ জন সাহাবী।♦বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিচয় হলঃ

১. হযরত ওবায়দা ইবনে হারিছ (রা.) – মুহাজির।
২. হযরত ওমায়ের ইবনে আবু ওয়াক্কাস (রা.) – মুহাজির।
৩. হযরত যুশ-শিমালাইন ((রা.) – মুহাজির।
৪. হযরত আকিল ইবনে বুকাইল (রা.) – মুহাজির।
৫. হযরত মাহজা ইবনে সালেহ (রা.)- মুহাজির। তিনি ছিলেন হযরত ওমর (রাঃ) এর আযাদকৃত ক্রীতদাস।
৬. হযরত সাফওয়ান ইবনে বায়দা (রা.) -মুহাজির।
৭. হযরত সাদ ইবনে খায়সামা (রা.) – আনসার।
৮. হযরত মুবাশ্বর ইবনে আবদুল মুনযির (রা.) – আনসার।
৯. হযরত ওমায়ের ইবনে হুমাম (রা.) – আনসার।
১০. হযরত ইয়াযিদ ইবনে হারিছ (রা.) – আনসার।
১১. হযরত রাফি ইবনে মুয়াল্লাহ (রা.) – আনসার।
১২. হযরত হারিছা ইবনে সুরাকা (রা.) – আনসার।
১৩. হযরত আওফ ইবনে হারিছ (রা.) – আনসার।
১৪. হযরত মুআওবিয ইবনে হারিছ (রা.) – আনসার

≪≫ বদর যুদ্ধে কান্নাকাটি করে অংশগ্রহণের অনুমতি লাভকারী হলেন : হজরত ওমায়ের বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু।

≪≫ আবু জাহেলকে হত্যা করেন ২ ভাই : হজরত মুআজ ও মুআওয়েজ রাদিয়াল্লাহু আনহুমা।

? কুরাইশ বাহিনীঃ

≪≫ অমুসলিম সৈন্য সংখ্যা ১০০০জন।

≪≫ কুরাইশ বাহিনীর ছিল অসংখ্য উট। ১০০টি ঘোড়া এবং ৬০০ লৌহবর্ম। কুরাইশ বাহিনীর জন্য প্রতিদিন ৯-১০টি উট খাওয়ার জন্য জবাই করা হতো।

≪≫ অমুসলিম সেনাপতি : ওতবা বিন রবীআ।

≪≫ অমুসলিম নিহত ৭০ জন এবং বন্দিও হয় ৭০ জন।

≪≫ বদর যুদ্ধে কুরাইশদের প্রায় গোত্র অংশগ্রহণ করলেও বনু আদি গোত্রের কেউ এই যুদ্ধে অংশ নেয়নি।

? যুদ্ধের ফলাফলঃ

ইসলামের এ প্রথম সামরিক যুদ্ধে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয় লাভ করে।

? বদর যুদ্ধের প্রভাবঃ

≪≫ ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টি হয়। যুদ্ধ জয়ের ফলে বিশ্বনেতা হিসেবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায়। ফলে মদিনার নতুন রাষ্ট্রকে অন্য আরব গোত্রগুলি মুসলিমদেরকে নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করে।

বদরের যুদ্ধের পর নতুন রাষ্ট্র মদিনার শক্তি বৃদ্ধির পাশাপাশি অনেকেই ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে। মুসলিম উম্মাহর কাছে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাগণ অনেক সম্মান ও মর্যাদার অধিকারী।

≪≫ অন্যদিকে এ যুদ্ধে আবু জাহলসহ মক্কার অনেক প্রভাবশালী নেতৃবর্গ মৃত্যুবরণ করে। ফলে আবু সুফিয়ান কুরাইশদের নতুন নেতা হিসেবে আবির্ভূত হন। মক্কা বিজয়ের আগে বদর পরবর্তী যুদ্ধগুলোতে মুসলিম বাহিনীর বিরুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দেয় আবু সুফিয়ান।

১০ হিজরিতে মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর আবু সুফিয়ান মুসলিম সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খোলাফায়ে রাশেদার ৩০ বছর রাজত্বের পর তার ছেলে আমীর মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন।

?আধুনিক যুগে বদর যুদ্ধের প্রভাবঃ

≪≫ ১৯৭৩ সালে ইজরাইলের বিরুদ্ধে মিসরের আক্রমণের নাম ছিল ‘অপারেশন বদর’।

≪≫ ১৯৮০ এর দশকে ইরাকের বিরুদ্ধে ইরানের অপারেশনের নামও ‘অপারেশন বদর’ রাখা হয়।

≪≫ ১৯৭৬ সালে মুস্তফা আক্কাদ পরিচালিত ‘দ্য ম্যাসেজ’ চলচ্চিত্রে বদরের যুদ্ধ অবলম্বনে দৃশ্য ধারণ করা হয়।

≪≫ ‘মুহাম্মদ : দ্য লাস্ট প্রফেট এবং টিভি ধারাবাহিকেও বদর যুদ্ধ অবলম্বনে দৃশ্যায়ন করা হয়।

পরিশেষে, যদি আমরা বদরের বিজয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে সাহাবায়ে কেরামের ঈমানী চেতনায় যদি উজ্জীবিত হতে পারি, তাহলে আজও পৃথিবী ইসলামের বিজয়ের পতাকা উড়বেই। পৃথিবীর কোন তাগুতী শক্তি দমিয়ে রাখতে পারবে না। এই সময়ে আমাদের মাঝে কোন আশার আলো না দেখলেও একদিন মুসলিমরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে বিশ্বাস রাখি। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁহার হুকুম আহকাম মোতাবেক পরিচালিত করার জন্য তৌফিক দান করুন আমীন আমীন ছূম্মা আমীন ।।

লেখক:-: ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক বাংলা পোস্ট |√| বিশেষ প্রতিবেদক দৈনিক নয়াদেশ |√| ও প্রকাশক বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশনা |√|

এই বিভাগের আরও সংবাদ