রাজধানীতে কোরআন উৎসব শুরু


রাজধানীতে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত ঢাকা কেন্দ্রীক কয়েকটি শাখা নিয়ে এবারের ১১তম হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব শুধু হলো। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকে কোমলমতি ছাত্ররা। তদের বেশির ভাগই ছিল হাফেয। সঙ্গে পিতা-মাতারাও এসেছেন। কোরআন তিলাওয়াতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। সুরের মুর্ছনায় শিহরিত হয়ে উঠে মঞ্চ। এ যেন এক ব্যতিক্রমী আয়োজন।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালিত ঢাকা কেন্দ্রীক ১০টি শাখার মোট ২৮৩ জন হিফয সমাপনকারী ছাত্রকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেই সঙ্গে হাফেয ছাত্রদের পিতা-মাতাকেও পুরস্কার প্রদান করা হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, মানব জাতীর মুক্তির সনদ একমাত্র আল-কোরআন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগ আলেম ওলামাদের উৎসাহ প্রদান করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা‘মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামছুল আলম, হুফফাযুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাদিলাতুশ শায়খ হাফেয আব্দুল হক, মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক ফাদিলাতুশ শায়েখ ড. মুহাম্মদ সাইফুল্লাহ, বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চৌধুরী মাহমুদুল হাসান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফাদিলাতুশ শায়েখ হাফেয ড. এ বি এম হিযবুল্লাহ। অনুষ্ঠানের সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেয আব্দুল আলীম। অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।



