দেশজুড়ে

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের পাশে দুই তরুণ সাংবাদিক

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: গণি বিশ্বাস। বাইসাইকেল নিয়ে রাস্তা ধরে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় মারাত্বক জখম হয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন। আহত এই বৃদ্ধ মৃত্যু যন্ত্রনায় ছটফট করলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসছিল না। এসময় পেশাগত কাজ শেষে দুই গণমাধ্যমকর্মী শাহরিয়ার রহমান রকি ও আব্দুল্লাহ আল মাসুদ ঝিনাইদহে ফিরছিলেন।

পথিমধ্যে এমন অবস্থা দেখে তারা দু’জন একটি থ্রীহুইলারের সহযোগীতায় বৃদ্ধকে হাসপাতালে নেন। পরে তার অবস্থায় অবনিত হওয়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। ঘটনাটি ঘটে বুধবার বিকালে যশোর-ঝিনাইদহ সড়কের বিষয়খালী ও চুটলিয়ার মাঝামাঝি মাঠের মধ্যে। শাহরিয়ার রহমান রকি মাছরাঙ্গা টেলিভিশন এবং আব্দুল্লাহ আল মাসুদ আজকের পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ঝিনাইদহ প্রতিনিধি।

মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক শাহরিয়ার রহমান রকি জানান, আমরা পেশাগত কাজ শেষে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরে ফিরছিলাম। এমন সময় দেখি রাস্তার পাশে এক বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে। কয়েকজন পথচারি তার মাথায় পানি দিচ্ছে। মাঠের মধ্যে চলতি পথ হওয়ায় তেমন কেউ সাহায্যে এগিয়ে আসছিল না। এসময় আমরা একটি থ্রী-হুইলারের সহযোগীতায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসি। পরে জানতে পারি তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দ-মায়াধরপুর গ্রামে। বৃদ্ধ অচেতন থাকায় তার পরিবারের সাথে কথা বলতে না পারলেও গ্রামের ইউপি মেম্বারের সাথে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়।

আজকের পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ জানান, সবাই আহত বৃদ্ধকে দেখে দেখে চলে যাচ্ছিল। চিন্তা করলাম এভাবে সময় গড়িয়ে গেলে বৃদ্ধ মানুষটি মারা যেতে পারেন। তখন তাকে আমরাই হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিই। এসময় একটি থ্রী-হুইলারে বৃদ্ধকে উঠিয়ে সাংবাদিক রকিকে হাসপাতালে পাঠায় আর আমি বৃদ্ধের বাইসাইকেল একজনের কাছে হেফাজতে রেখে নিজের মোটরবাইক নিয়ে হাসপাতালে যেয়ে চিকিৎসার ব্যবস্থা করি। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে বলেও যোগ করেন এই তরুণ সংবাদকর্মী।

বৃদ্ধের প্রতিবেশি ইউপি মেম্বার সোহেল রানা জানান, সাংবাদিকদের ফোন পেয়ে বিষয়টি বৃদ্ধের পরিবারকে জানানো হয়। বর্তমানে আহত বৃদ্ধকে নিয়ে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে আছি বলে যোগ করেন ইউপি মেম্বার সোহেল রানা।

এই বিভাগের আরও সংবাদ