আগুনে পুড়লো বরকত-রুবেলের জব্দ করা ১২টি বাস


ফরিদপুরে রহস্যজনক আগুনে ২ হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেফতার দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস পুড়ে গেছে। শনিবার (১২ মার্চ) রাত সোয়া ১টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন বাস টার্মিনালের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরমধ্যেই বাসগুলো আগুনে পুড়ে যায়। ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতে ঘটনাস্থলের পাশে ঘুমিয়ে থাকা শ্রমিকরা জানান, মধ্যরাতে হঠাৎ করে দাউ দাউ করে আগুনে জ¦লতে দেখে তারা এগিয়ে যায়। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। সারিবদ্ধভাবে খোলা জায়গায় রাখা গাড়িগুলোতে রহস্যজনকভাবে একই সময়ে আগুন লাগে বলে তারা জানান। আগুনে এতোগুলো বাস পুড়ে যাওয়ার কারণ এখন পর্যন্ত জানতে পারেনি ফায়ার সার্ভিস।
ফরিদপুরের সাউথ লাইন পরিবহন নামের পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেফতার শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো এখানেই রাখা ছিলো।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে ১ টার দিকে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে এক আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত তদন্তের পরে জানা যাবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ওসি এম. এ. জলিল বলেন, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে মোট ২২টি বাস রাখা ছিলো। এরমধ্যে ১২টি বাসে আগুন লাগে। তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে।



