রাঙ্গাবালীতে এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের সাত দিনের কারাদণ্ড


এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: আচরণ বিধি ভঙ্গ ও এক প্রার্থীকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মোঃ সোহাগ খান নামের একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ১২ টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সোহাগ খান ওই গ্রামের মৃত হারুন খানের ছেলে।
জানাগেছে, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ কামাল পাশাকে(ফুটবল মার্কা) তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ শুকুর খলিফার (মোরগ মার্কা) সমর্থক মোঃ সোহাগ খান শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন ঘটনাস্থলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, সোহাগ খান নামের একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের জেল দেওয়া হয়। সে মূলত ফুটবল প্রার্থী কামাল পাশাকে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে হেনেস্থা ও লাঞ্চিত করে। পরবর্তিতে রাত সাড়ে ১২টায় রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি ঘটনাস্থলে পৌঁছে বিচার করা হয়। এ ব্যাপারে ওই ওয়ার্ডের দুই প্রার্থীকে কারণ দর্শানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।




