রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী


রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসন সংকটের চাপ সামাল দিতে কেরানীগঞ্জে প্রায় তিন হাজার একর জমিতে একটি পরিকল্পিত সেকেন্ডারি সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
রাজধানীর উপকণ্ঠে আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন নতুন জনবসতি গড়ে তুলে ঢাকার কেন্দ্রীয় এলাকার ওপর চাপ কমানোই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর বাইরে বসবাসের জন্য তৈরি হবে নতুন একটি বিকল্প নগরকেন্দ্র।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত শহরটি কেরানীগঞ্জের ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে রাজধানীর সঙ্গে উন্নত সড়ক যোগাযোগের পাশাপাশি আবাসন, নাগরিক সুযোগ-সুবিধা ও অন্যান্য অবকাঠামো সমন্বিতভাবে গড়ে তোলা হবে। এর ফলে ঢাকার আশপাশে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিত বসতি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই বলেন, কেরানীগঞ্জের কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রস্তাবিত সেকেন্ডারি সিটির জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
তিনি জানান, নতুন শহরের সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশপথ রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগ অবকাঠামোর সমন্বিত উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে বসবাসের উপযোগী বিকল্প নগরকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
প্রকল্পটি এখনও প্রাথমিক পরিকল্পনা পর্যায়ে রয়েছে জানিয়ে মনদীপ ঘরাই বলেন, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা প্রণয়নের পর এর বিস্তারিত কাঠামো নির্ধারণ করা হবে। কতটি আবাসন ইউনিট তৈরি হবে, নির্মাণে কত ব্যয় হবে এবং কত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব- এসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসন সংকট মোকাবিলায় ঢাকার আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাসের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, সেকেন্ডারি সিটি প্রকল্পের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসন চাহিদা পূরণে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ার ভিত্তিতে বসবাসের ব্যবস্থা রাখা হবে। এতে এককালীন বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করেই নিম্ন আয়ের পরিবারগুলো পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ পাবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদা বিবেচনায় সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল ও সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ আবাসন এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করে প্রকল্প প্রস্তাবনা তৈরির কাজ চলছে।
তিন হাজার একরজুড়ে পরিকল্পিত নগরী
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথিপত্র অনুযায়ী, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকাকে সম্ভাব্য প্রকল্পস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রকল্পের স্থান নির্বাচন কমিটি গত ১৬ এপ্রিল প্রস্তাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনের জন্য নির্ধারিত এলাকাটি কেরানীগঞ্জের কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর নিয়ে বিস্তৃত।
প্রস্তাবিত স্থানটির অবস্থানগত সুবিধাও রয়েছে। এটি বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ছয় কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
নথিতে বলা হয়েছে, প্রস্তাবিত এলাকার মাত্র ৫ থেকে ৮ শতাংশ জমিতে বর্তমানে বসতবাড়ি রয়েছে। বাকি অংশ মূলত এক ফসলি কৃষিজমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এসব কৃষিজমিতে বিভিন্ন বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনসংবলিত বিলবোর্ড দেখা গেছে।
প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশ দিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিকল্পনাধীন ঢাকা ওয়েস্টার্ন বাইপাস যাওয়ার কথা রয়েছে। সড়কটি বাস্তবায়িত হলে সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক এবং মোহাম্মদপুরের সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নতি হবে।
এছাড়া প্রস্তাবিত প্রকল্প এলাকা থেকে পূর্ব দিকে প্রায় আড়াই কিলোমিটার দূরে বুড়িগঙ্গা নদী এবং পশ্চিমে প্রায় দুই কিলোমিটার দূরে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে শহরটির জন্য দুটি প্রধান প্রবেশ সড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মূল্যায়নে বলা হয়েছে, পূর্ণাঙ্গ সেকেন্ডারি সিটির প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একর জমির প্রয়োজন। মোহাম্মদপুরের কাছাকাছি অবস্থান এবং রাজধানীর সঙ্গে যোগাযোগের সম্ভাবনার কারণে এলাকাটি এ ধরনের নগর প্রকল্পের জন্য উপযোগী।
কর্তৃপক্ষের মতে, সরকারি উদ্যোগে পরিকল্পিত আবাসন গড়ে তোলা গেলে এ অঞ্চলে বেসরকারি প্রতিষ্ঠানের অপরিকল্পিত আবাসন প্রকল্পে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রবণতা কমবে। একই সঙ্গে সরকারি প্লট প্রকল্পের মাধ্যমে জমির পরিকল্পিত ব্যবহার ও জনসাধারণের বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
চলছে ১৫টি আবাসন প্রকল্প
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে বর্তমানে তাদের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং বাকি ১৩টি কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এছাড়া নতুন নয়টি প্রকল্পে বরাদ্দ চেয়ে প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ঢাকার ওপর জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মোট ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্পের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে জমির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নতুন আবাসন প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক গড়ে তোলার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে জমিসংক্রান্ত তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহ করা হচ্ছে।
আবাসন প্রকল্পগুলোতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বহুতল ভবন নির্মাণ, ভূমিকম্প সহনশীল অবকাঠামো, পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থাও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সরকারের লক্ষ্য, মানুষের আর্থিক সামর্থ্যের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও প্রয়োজনীয় নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন নিশ্চিত করা। কেরানীগঞ্জের প্রস্তাবিত সেকেন্ডারি সিটি সেই বৃহত্তর পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ। সূত্র: বাসস





