সিলেট

দিরাইয়ে অগ্নিদুর্গত ১৩ পরিবার পেল সরকারি-বেসরকারি সহায়তা

সিনিয়র রিপোর্টার: সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও আসবাবপত্র হারানো ১৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) উপজেলা খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর বরাদ্দ থেকে প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়।

এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি ও কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়াদলের সদস্য আলেক উদ্দিনসহ স্থানীয় নেতারা।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩টি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ