হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু


দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৯ জন রোগী ভর্তি হয়েন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৩৮ জন, চট্টগ্রামে ২২১ জন, বরিশালে ২০৫ জন, সিলেটে ১২৩ জন, খুলনায় ৭৫ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৪৭ জন এবং রাজশাহীতে ৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।



