জাতীয়

দেশকে এগিয়ে নিতে বিদেশি বিনিয়োগ ও পোর্ট ম্যানেজমেন্ট আধুনিকায়নে গুরুত্ব নৌপরিবহন প্রতিমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে বাংলাদেশের বন্দরসমূহের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

আজ মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান, এমপি। সভায় ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও চীনের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদল অংশ নেন। বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে দেশকে সুদূরপ্রসারী অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে সভায় অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।

‎উক্ত দ্বিপাক্ষিক বিনিয়োগ সভায় বিদেশি প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন মিস্টার মাইকেল ব্যারি, মিস্টার অ্যালান তালিব, মিস্টার লিও, মিস হেলেন জুম, মিস্টার নিমাল, মিস চেন জিং, মিস্টার লিউ গুওটিয়ান ও মিস্টার ঝাং তাও।

এছাড়া বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট খাতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার কবির আহমেদ ভূঁইয়া,দেলোয়ার হোসেন স্বত্বাধিকারী, তরঙ্গ কমিউনিকেশনস, মিস্টার আবুল কালাম আজাদ, মিস্টার নাহিন মোঃ সাদেক এবং মিস্টার তানভীরসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন্দর) জনাব মোঃ ফিরোজ আহমেদ ‎বৈঠকে বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং উদীয়মান অর্থনীতির প্রশংসা করে মেরিটাইম সেক্টর, বিশেষ করে বন্দর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিকস খাতের আধুনিকায়নে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। বিনিয়োগকারীরা উল্লেখ করেন, সঠিক বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের নৌ-সেক্টরকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বহুগুণ বাড়িয়ে দেবে।

‎বিনিয়োগকারীদের প্রস্তাব ও আগ্রহকে স্বাগত জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমাদের আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার বন্দরগুলোকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে সমন্বিত কৌশল গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, পোর্ট ম্যানেজমেন্ট বা বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন এখন সময়ের দাবি। অটোমেশন, ডিজিটাল ট্র্যাকিং, দ্রুত কার্গো হ্যান্ডলিং এবং উন্নত লজিস্টিকস সুবিধার মাধ্যমে বন্দরগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি করতে সরকার বিদেশি বিনিয়োগ ও বৈশ্বিক অভিজ্ঞতাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে।

‎প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও চীনের মতো উন্নত ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ দেশগুলোর বিনিয়োগ আমাদের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সরকার বিদেশি বিনিয়োগের সুরক্ষায় এবং সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক পোর্ট ম্যানেজমেন্ট নিশ্চিতের মাধ্যমে আন্তর্জাতিক সাপ্লাই চেইন আরও শক্তিশালী হবে, যা দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ জনগণকে সরাসরি সুফল দেবে।

‎বৈঠকের শেষ পর্যায়ে বিনিয়োগের সুনির্দিষ্ট ক্ষেত্র ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণে একটি কার্যকর ও দ্রুত রূপরেখা তৈরির বিষয়ে উভয় পক্ষ গভীর একমত পোষণ করেন।
‎

এই বিভাগের আরও সংবাদ