ঠাকুরগাঁও

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিয়ে প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নুর নবী।

এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান বকুল মজুমদার, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, ইএসডিও প্রতিনিধি শরিফুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)-এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও তথ্য সেবা কর্মকর্তা হালিমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ