সিলেট

সিলেটে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

সিনিয়র রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ১০ অক্টোবর বিকাল ৪:৩০ ঘটিকায় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম এর সভাপতিত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ প্রচেষ্টায় উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৬০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকগণ সিলেট মেট্রোপলিটন পুলিশ, বিশেষ করে ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় পুলিশ কমিশনার পুরাতন মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং ডিভাইসের IMEI নম্বর যথাযথভাবে যাচাই করে সতর্কতার সঙ্গে মোবাইল ফোন ক্রয়ের জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারে সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন।

মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংরক্ষণ করার ওপর গুরুত্বারোপ করেন। এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার জন্য পুলিশ কমিশনার মহোদয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জনসাধারণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ