রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪


রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
আজ রোববার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় আমরা চারজনকে গ্রেপ্তার দেখিয়েছি।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো মামলায় উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এতে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টাকালে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা বিবেচ্য নয়। মামলার আসামি হিসেবেই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।



